ইনজুরির ধাক্কা নিয়েই অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জে বাংলাদেশ, ভালো কিছুর আশা নান্নুর

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে প্রথম টেস্টে পাওয়া যাবে না নিয়মিত তিন পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মুশফিক হাসানকে। ব্যাটিং বিভাগেও নেই অভিজ্ঞ লিটন কুমার দাস। একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই ডারউইনে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা।

তবে ইনজুরি সংকটের মাঝেও দলের ওপর আস্থা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু। তার বিশ্বাস, কঠিন এই সফরেও ভালো ক্রিকেট খেলতে পারে বাংলাদেশ।

নান্নু বলেন, ‘দলে বেশ কয়েকটি ইনজুরির সমস্যা আছে। সবকিছু মিলিয়ে আমরা চাই ভালো ক্রিকেট খেলতে।’
তবে আগেভাগেই ফলাফল নিয়ে মন্তব্য করতে রাজি নন তিনি। তার ভাষায়, ‘এখনই বলা কঠিন দল কেমন করবে। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে, অনুশীলনেরও সুযোগ থাকবে। আশা করি, চ্যালেঞ্জিং হলেও আমরা প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে পারব।’

অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের কথা উল্লেখ করে নান্নু বলেন, সফরকারীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে ব্যাটিংয়ে।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার পেস বোলিং হোক বা স্পিন আক্রমণ, দুই বিভাগই বিশ্বসেরাদের মধ্যে। তাই আমাদের ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং করতে হবে।’
নান্নুর মতে, শুধু ব্যাটিং বা বোলিং নয়, পুরো দলকেই একসঙ্গে ভালো খেলতে হবে।

‘টোটাল টিম পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, সব বিভাগেই ভালো করতে হবে। শুধু একটি বিভাগ ভালো করলেই হবে না। এই চ্যালেঞ্জ গ্রহণ করে সঠিক প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। প্রতিটি ক্রিকেটারকে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে,’ যোগ করেন তিনি।

আগস্টে শুরু হতে যাওয়া এই সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। ইনজুরির ধাক্কা সামলে দল কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles