অবশেষে বহুদিনের জল্পনার অবসান। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে কিংবদন্তি ফুটবলার ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন। আগামী ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন ৫৩ বছর বয়সী এই ফরাসি কিংবদন্তি।
ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো বলেন, ‘এটি আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত। গত ১৪ বছরে প্রথমবারের মতো আমরা নতুন প্রধান কোচ নিয়োগ দিলাম। একই সঙ্গে দিদিয়ের দেশমের অবদানও স্মরণ করতে চাই। তিনি দীর্ঘ ১৪ বছর ফ্রান্সকে বিশ্ব ফুটবলের শীর্ষে রেখেছেন এবং দলের ভাবমূর্তি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
নতুন দায়িত্ব গ্রহণের পর জিদান বলেন, ‘এটি আমার জন্য অপরিসীম আনন্দের। আমি এই চ্যালেঞ্জের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আমার একমাত্র লক্ষ্য ছিল ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া। ছোটবেলা থেকে আমি এই দলের বিভিন্ন পর্যায়ে খেলেছি, আর সিনিয়র দলে খেলাই ছিল আমার ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন। এখন কোচ হিসেবে এই দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।’
তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আমি বিভিন্ন প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ, আমার লক্ষ্য ছিল একটাই-ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া। এই দলকে আরও সাফল্য এনে দেওয়াই এখন আমার সবচেয়ে বড় প্রেরণা।’
জিদানের অধীনে ফ্রান্স জাতীয় দল ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) এবং ২০৩০ সালের ফিফা বিশ্বকাপে অংশ নেবে। খেলোয়াড়ি জীবনে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ী জিদান কোচ হিসেবেও রিয়াল মাদ্রিদকে তিনবার টানা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়ে অনন্য কৃতিত্ব গড়েছিলেন। এবার সেই সফলতার ধারাবাহিকতা জাতীয় দলের ডাগআউটেও বজায় রাখার চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁর সামনে।


