পাকিস্তানের বিপক্ষে একটি স্পেলই বদলে দিল ম্যাচের চিত্র। টানা পাঁচ ওভারে কোনো রান না দিয়ে প্রতি ওভারেই একটি করে উইকেট-এমন অবিশ্বাস্য বোলিংয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন নজির গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। পাকিস্তানের বিপক্ষে ত্রিনিদাদ টেস্টের তৃতীয় দিনে এই কীর্তি গড়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটও তুলে নিলেন ১৭তম টেস্ট খেলতে নামা এই পেসার।
দিনের শুরুটা অবশ্য গ্রিভসের জন্য ছিল একেবারেই সাধারণ। প্রথম স্পেলে ৬ ওভারে ২৭ রান দিলেও কোনো উইকেট পাননি। কিন্তু দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েই যেন বদলে যায় সবকিছু। প্রথম দুই ওভারে ৯ রান দেওয়ার পর টানা পাঁচটি মেডেন ওভার করেন তিনি। সেই পাঁচ ওভারেই তুলে নেন পাঁচটি উইকেট। বিস্তারিত পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর টেস্ট ক্রিকেটে টানা পাঁচ ওভারে কোনো রান না দিয়ে প্রতি ওভারে একটি করে উইকেট নেওয়ার প্রথম বোলার এখন গ্রিভস।
তার দুর্দান্ত স্পেলেই ৩ উইকেটে ২৪৪ রান থেকে ধসে পড়ে পাকিস্তানের ইনিংস। মাত্র ৩৮ রানের ব্যবধানে শেষ সাত উইকেট হারিয়ে ২৮২ রানে অলআউট হয় সফরকারীরা। ফলে প্রথম ইনিংসে ৩১১ রান করা ওয়েস্ট ইন্ডিজ পায় ২৯ রানের লিড।
নিজের অবিশ্বাস্য সাফল্যের কৃতিত্ব অধিনায়ক রস্টন চেজকে দিয়েছেন গ্রিভস। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দ্বিতীয় স্পেলে বল হাতে নেওয়ার সময় অধিনায়ক আমাকে শৃঙ্খলা বজায় রেখে বোলিং করতে এবং দলের জন্য উইকেট বের করে আনতে বলেন। বল কিছুটা মুভ করছিল, আমি সেই সুবিধা কাজে লাগাতে পেরেছি। অধিনায়ক যখনই আমাকে বল দেন, দল আশা করে আমি যেন কঠিন পরিস্থিতি থেকে বের করে আনি। টেস্টে প্রথমবার পাঁচ উইকেট পেয়ে অবশ্যই ভালো লাগছে, তবে ম্যাচের কাজ এখনো শেষ হয়নি।’
গ্রিভসের রেকর্ড গড়া বোলিংয়ের পরও অবশ্য পুরোপুরি স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পেস আক্রমণের সামনে ৭ উইকেটে ১২৬ রান তুলেছে স্বাগতিকরা। তিন উইকেট হাতে রেখে তাদের লিড এখন ১৫৫ রান। ফলে ম্যাচের চতুর্থ দিনে ফল যেকোনো দিকেই গড়াতে পারে।


