চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি বাংলাদেশের পেসার নাহিদ রানার। তবে চিকিৎসার জন্য কয়েক দিন আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তিনি। চিকিৎসা শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন এই ডানহাতি গতিতারকা।
ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল স্বাগতিক দেশে পৌঁছে গেছে। তবে ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। অন্যদিকে চোট কাটিয়ে শেষ মুহূর্তে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারলে একাদশে সুযোগ পেতে পারেন তিনি। তা না হলে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে তাকে বিবেচনা করবে টিম ম্যানেজমেন্ট।
নাহিদের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানা গেছে। শুরুতে দেশে থেকেই তাঁর পুনর্বাসন প্রক্রিয়া চালানোর পরিকল্পনা ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠায়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর গতকাল রাতে দেশে ফেরেন তিনি।
উল্লেখ্য, নাহিদ অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন সাইড স্ট্রেইনের চিকিৎসা করাতে নয়। তাঁর দুই পায়ে দীর্ঘদিনের শিনবোন-সংক্রান্ত (ক্রনিক শিনবোন) সমস্যা রয়েছে। এ কারণে টিবিয়ার ভেতরের অংশে নিয়মিত ব্যথা অনুভব করেন তিনি। পুরোনো এই সমস্যার স্থায়ী সমাধানের উপায় খুঁজতেই অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন নাহিদ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগের তুলনায় এখন বেশ ভালো অবস্থায় আছেন বাংলাদেশের এই তরুণ পেসার।


