অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তাইজুল ইসলাম। তবে বাংলাদেশ দলের বাঁহাতি এই স্পিনারের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। তাঁর আশা, ১৩ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন তাইজুল।
ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান তাইজুল। কোরি রকিচেলির বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১৫ বলে ১০ রান করেন তিনি। আঙুলে ব্যথা নিয়েই নিজের ব্যাটিং শেষ করেন এই বাঁহাতি স্পিনার।
চোটের কারণে এরপর আর প্রথম ইনিংসে বল করতে পারেননি তাইজুল। তাঁর বদলি হিসেবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বোলিং করেন মুশফিক হাসান।
তাইজুলের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। তিনি বলেন, ‘ব্যাটিং করার সময় তাইজুল ইসলাম বোলিং ফিঙ্গারে ব্যথা পেয়েছেন। এরপর থেকে আমরা আঙুলটি ব্যান্ডেজ করে রেখেছিলাম। গতকাল পুরো দিন তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল। আবারও পর্যবেক্ষণ করা হয়েছে। এখন ফোলা ও ব্যথা কমে গেছে। আশা করছি, প্রথম টেস্টের আগেই সে ফিট হয়ে যাবে।’
তাইজুলকে নিয়ে স্বস্তির খবর এলেও অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসের লিডসহ অস্ট্রেলিয়া একাদশের কাছে শেষ পর্যন্ত ইনিংস ও ৩৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে তাইজুলের ফিট হয়ে ওঠা বাংলাদেশের জন্য স্বস্তির খবরই হয়ে এসেছে।


