শ্রীলঙ্কা সিরিজে ছিটকে গেলেন সুদর্শন, দলে ফিরলেন সরফরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারত। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন সাই সুদর্শন। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খানকে।
ডান পায়ের পাতায় স্ট্রেস রিয়্যাকশনের কারণে শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারবেন না সুদর্শন। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। তবে সুস্থ হওয়ার প্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দিতে হয়েছে।

সুদর্শনের জায়গায় দলে ফেরা সরফরাজ সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৪ সালে। একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ছয় টেস্টে একটি শতক ও তিনটি অর্ধশতকের সাহায্যে ৩৭১ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।

২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের ভারতীয় টেস্ট দলেও ছিলেন সরফরাজ। তবে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। পরের বছর ইংল্যান্ড সফরের টেস্ট দল থেকেও বাদ পড়েন তিনি।

তবে ঘরোয়া ক্রিকেটে সরফরাজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ২০২৫ রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে সাত ম্যাচে ৫৩.৬২ গড়ে ৪২৯ রান করেন তিনি, যা দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ।

প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের ব্যাটিং গড় ৬৪.৭৩। অন্তত ৫০টি ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে এটিই সর্বোচ্চ গড়। দীর্ঘ বিরতির পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টেস্ট দলে ফেরার সুযোগ পাওয়া সরফরাজ এবার সেই সামর্থ্য আন্তর্জাতিক ক্রিকেটেও প্রমাণ করতে চাইবেন।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles