ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে আশাবাদী আমিনুল হক

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আমিনুল হক জানান, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সিরিজ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন বলেও জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও তাঁকে এ বিষয়ে অবহিত করেছেন।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার। বিষয়টি উল্লেখ করে আমিনুল হক বলেন, ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও ভারতের পক্ষ থেকে আলোচনা হয়েছে। ফলে সিরিজ আয়োজন নিয়ে তাঁরা আশাবাদী।

আমিনুল হক বলেন, ‘ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে, তাঁরাও খুব আশাবাদী। গত বিশ্বকাপ থেকে যে দোটানা তৈরি হয়েছে, তা খুব দ্রুতই সমাধান করতে পারব। এখন পর্যন্ত আশাবাদী, বাংলাদেশ-ভারত সিরিজটি দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আলোচনা হয়েছে, এর মাধ্যমে সমাধান করে ফেলতে পারব।’

সিরিজটি নিয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান বলেও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তাঁর ভাষায়, ‘আমরা বিষয়টি দ্রুত সমাধান করতে চাই। আমি আশা করি, স্পোর্টসের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখব। যে দোটানা তৈরি হয়েছে, তা স্মুথলি রান করতে চাই।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর সাম্প্রতিক আলোচনার কথাও উল্লেখ করেন আমিনুল। তিনি বলেন, ‘আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললাম। তিনি অত্যন্ত আশাবাদী। তিনি ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। খুব ইতিবাচকভাবে তিনি বলেছেন, আমরা দ্রুতই ভারত-বাংলাদেশ সিরিজ, কীভাবে দ্রুত খেলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি…।’

এর আগে গত বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ সরকারের নেওয়া সিদ্ধান্তের সমালোচনাও করেন আমিনুল হক। একজন ক্রীড়াবিদ হিসেবে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তকে তিনি মেনে নিতে পারেননি বলে জানান।

আমিনুল বলেন, ‘গত বিশ্বকাপকে কেন্দ্র করে বিগত সরকার যে হটকারি সিদ্ধান্ত নিয়েছে, হঠাৎ করে বিশ্বকাপ খেলতে না যাওয়া, একজন স্পোর্টসম্যান হিসেবে আমি মেনে নিতে পারি না। এটা সঠিক হয়নি।’

বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, আলোচনার মাধ্যমে সেটি দ্রুত কমিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানান আমিনুল।

তিনি বলেন, ‘এটাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে দোটানা তৈরি হয়েছে… আমি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাঁরাও ভারতীয় হাইকমিশন থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন।’

সব মিলিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ের আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ আয়োজনের জটিলতা দ্রুতই কাটবে বলে আশা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তাঁর মতে, ক্রিকেট দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles