বাংলাদেশকে নিয়ে সতর্ক কামিন্স

অবশেষে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে টাইগাররা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। বাংলাদেশকে হালকাভাবে দেখছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বরং টাইগারদের বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি।

ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশকে কেমন প্রতিপক্ষ হিসেবে দেখছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি মনে করি না, আমি কখনো সহজ কোনো টেস্ট ম্যাচ খেলেছি। তাই বাংলাদেশও শক্ত প্রতিপক্ষ হবে বলেই আমার ধারণা। আমাদের কয়েকজনের বিপক্ষে তাদের কয়েকজন ক্রিকেটারকে আমরা আসলে খুব একটা দেখিনি। ফলে টেস্টের আগে কিছুটা অজানাও থাকবে। তবে গত কয়েক বছরে তারা বেশ কিছু বড় জয় পেয়েছে এবং দলে বেশ কিছু ভালো প্রতিভা রয়েছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।’

এছাড়া বাংলাদেশের দল নিয়েও এখনই চূড়ান্ত মূল্যায়নে যেতে চাননি অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। হয়তো কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞেস করলে আরও ভালোভাবে বলতে পারব। তবে আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে আপনি কিছুটা নার্ভাস থাকবেন, কারণ তাদের দলে বেশ কিছু বড় মাপের খেলোয়াড় রয়েছে।’

ডারউইনের উইকেট সম্পর্কে কামিন্সের ধারণা, শক্ত এবং ভালো ব্যাটিং সহায়ক হতে পারে, ‘উইকেটটা সত্যিই ভালো মনে হচ্ছে। আমি সেখানে গিয়ে অনুভবও করেছি। দেখতে ও স্পর্শে বেশ শক্ত মনে হয়েছে। গত বছর এখানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের একটি ম্যাচ হয়েছিল এবং সেটি বেশ ভালো ব্যাটিং উইকেট ছিল, তবে পেস ও বাউন্সও ছিল। তাই এখানে ঠিক কী ধরনের উইকেট পাব, সেটা নিয়ে খুব বেশিকিছু জানি না। তবে দেখতে ভালোই লাগছে।’

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles