বিশ্বকাপজয়ী পগবার ক্যারিয়ারেই এখন অনিশ্চয়তার ছায়া

২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপাজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পল পগবা। মাঝমাঠে ছিলেন নিয়মিত মুখ, দুর্দান্ত ফর্মে থাকা সেই পগবাই এখন ক্যারিয়ার বাঁচানোর লড়াইয়ে। একের পর এক চোট আর মাঠের বাইরে থাকার ধাক্কায় নতুন মৌসুম শুরুর আগেই আবারও অনিশ্চয়তার মুখে পড়েছেন এই ফরাসি মিডফিল্ডার।

বর্তমানে মোনাকোর হয়ে খেলছেন পগবা। ইংল্যান্ডে মোনাকোর প্রাক-মৌসুম অনুশীলন চলাকালে ছোট পরিসরের একটি ম্যাচে বাঁ ঊরুতে ব্যথা অনুভব করেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, এরপর অনুশীলন শেষ না করেই মাঠ ছাড়তে হয় ৩৩ বছর বয়সী এই তারকাকে।

চোটটি এসেছে একেবারেই অসময়ে। প্রাক-মৌসুমে এখন পর্যন্ত মাত্র ৪৫ মিনিট মাঠে ছিলেন পগবা। গত সপ্তাহের শেষ দিকে সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছিলেন তিনি। কিন্তু ফিরেই আবারও ছিটকে গেলেন।
গত মৌসুমেও চোটের কারণে মোনাকোর হয়ে মাত্র ছয়টি ম্যাচ খেলতে পেরেছিলেন পগবা। ফলে তার শারীরিক সক্ষমতা নিয়ে ক্লাবের মধ্যে আগে থেকেই ছিল প্রশ্ন। মোনাকোর জেনারেল ম্যানেজার থিয়াগো স্কুরোও জানিয়েছিলেন, প্রাক-মৌসুমই হবে পগবাকে যাচাই করার গুরুত্বপূর্ণ সময়। নতুন চোট সেই পরিকল্পনাতেই বড় ধাক্কা দিয়েছে।

অথচ এই পগবাই একসময় ছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু এরপর থেকেই ধীরে ধীরে বদলে যেতে থাকে তার ক্যারিয়ার।

ম্যানচেস্টার ইউনাইটেডে কয়েক মৌসুম কাটিয়ে ২০২১-২২ মৌসুমে ফ্রি ট্রান্সফারে জুভেন্টাসে ফিরেছিলেন পগবা। কিন্তু ইতালিতে ফেরার পরও চোট থেকে মুক্তি মেলেনি। এর মধ্যেই পারিবারিক বিরোধ, আদালতের মামলা এবং ডোপিং কেলেঙ্কারি তার ক্যারিয়ারে আরও বড় ধাক্কা হয়ে আসে।

২০২৪ সালে ডোপিংয়ের দায়ে চার বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন পগবা। পরে শাস্তির মেয়াদ কমানো হলে ২০২৫ সালে আবারও মাঠে ফেরার সুযোগ পান তিনি। এরপর মোনাকোতে নতুন করে ক্যারিয়ার শুরু করার চেষ্টা করছিলেন এই ফরাসি তারকা।
কিন্তু বারবার চোট যেন সেই প্রত্যাবর্তনের পথেই বাধা হয়ে দাঁড়াচ্ছে। নতুন মৌসুম শুরুর আগেই বাঁ ঊরুর এই চোট তাই শুধু একটি ম্যাচ মিস করার আশঙ্কা নয়, বরং পগবার পুরো ক্যারিয়ার নিয়েই আবারও বড় প্রশ্ন তুলে দিয়েছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles