অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজে বাংলাদেশের বড় অস্ত্র হতে পারতেন নাহিদ রানা। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার গণমাধ্যমেও বারবার আলোচনায় এসেছিল তাঁর গতি। তবে চোটের কারণে শেষ পর্যন্ত এই সিরিজে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নাহিদ রানার না থাকাটা দলের জন্য বড় ঘাটতি হলেও বাস্তবতা মেনে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে সতীর্থকে মিস করার কথাও জানিয়েছেন তিনি।
ম্যাচের আগের দিন বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘অবশ্যই ওকে (নাহিদ) মিস করব। তবে এখন আসলে যদি-কিন্তু চিন্তা করে লাভ নেই। খুবই দুর্ভাগ্যজনক যে নাহিদ রানা এখানে নেই।’
রানার অনুপস্থিতিতে দলের অন্য পেসারদের ওপর আস্থা রাখছেন বাংলাদেশ অধিনায়ক। অস্ট্রেলিয়ার কন্ডিশনে তাঁরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবেন বলে বিশ্বাস শান্তর।
তিনি বলেন, ‘আমাদের যে পেস ইউনিট আছে, আমি বিশ্বাস করি তারাও এই কন্ডিশনটা ভালোভাবে ব্যবহার করতে পারবে। ব্যাটিং ইউনিট হিসেবে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। আমরা সেসব নিয়ে কাজ করেছি। ছেলেরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।’
২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর পাওয়া এই সুযোগটিকে স্মরণীয় করে রাখতে চায় দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার প্রত্যয়ও জানিয়েছেন শান্ত।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। ২৩ বছর আগে বাংলাদেশ এখানে খেলেছিল। সৌভাগ্য যে আবার সেই সুযোগ এসেছে। আমরা লড়াই করতে চাই। অধিনায়ক হিসেবে আমি বিশ্বাস করি, আমরা ভালো কিছু করতে পারব।’
নাহিদ রানা না থাকলেও নিজেদের পেস আক্রমণ ও ব্যাটিং ইউনিটের ওপর আস্থা রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ।


