‘এই সিরিজে প্রথমবারের মতো কোনো সেশনে জিতল অস্ট্রেলিয়া।’ ম্যাকাই টেস্টের প্রথম সেশনের পর এমন মন্তব্যই করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। ডারউইন টেস্টে যেখানে ১১টি সেশনেই দাপট দেখিয়েছিল বাংলাদেশ, সেখানে ম্যাকাইয়ে প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রানে ধুঁকছে সফরকারীরা। এর মধ্যে পাঁচ উইকেটই নিয়েছেন মিচেল স্টার্ক।
মাত্র ২২ বলের মধ্যে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৯তম পাঁচ উইকেটের দেখা পেয়েছেন বাঁহাতি এই পেসার। লাঞ্চের বিরতিতে ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা স্ত্রী অ্যালিসা হিলির সঙ্গে কথোপকথনেও উঠে আসে তাঁর সাফল্যের রহস্য।
ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের পর নিজেদের পরিকল্পনায় কী পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া—হিলির এমন প্রশ্নের জবাবে স্টার্ক বলেন, ‘গত সপ্তাহে আমরা নিশ্চিতভাবেই নিজেদের সেরা ছন্দে ছিলাম না। তবে এই পিচে শুরুতে বল করার সুযোগটা কাজে লাগানো গেছে।’
কুইন্সল্যান্ডের অনেক ক্রিকেটারের কাছ থেকেই ম্যাকাইয়ের পিচ সম্পর্কে ইতিবাচক ধারণা পেয়েছিলেন স্টার্করা। তাঁর ভাষায়, এই উইকেট অনেকটা ব্রিসবেনের গ্যাবার মতো। আর সেই কন্ডিশন কাজে লাগাতেই বদলেছে অস্ট্রেলিয়ার বোলিং পরিকল্পনা।
স্টার্ক বলেন, ‘আমাদের বলের লেন্থ আরেকটু এগিয়ে (ফুলার) রাখতে হয়েছিল। প্রথম টেস্টে তারা বেশ ধৈর্য ধরে খেলেছে এবং সত্যিই ভালো ব্যাটিং করেছে। তাই এবার আমরা বলের লেন্থ আরেকটু এগিয়ে রাখার চেষ্টা করেছি, বাউন্সার বেশি ব্যবহার করেছি এবং ক্যাচগুলোও ঠিকঠাক লুফে নিয়েছি। সব মিলিয়ে এখন পর্যন্ত কৌশলটা ভালোই কাজ করেছে।’
দলের নির্দেশনাতেও ছিল বাউন্সারের ওপর জোর। স্টার্ক বলেন, ‘আমাদের কিছু বাউন্সার করার নির্দেশনা ছিল। আমার মনে হয়, আমরা এখন পর্যন্ত সেই লক্ষ্যটা ভালোভাবে পূরণ করতে পেরেছি।’
ম্যাকাইয়ের কন্ডিশন নিয়ে হিলির আরেক প্রশ্নের জবাবে স্টার্ক জানান, বল এখনো কিছুটা মুভ করছে। তবে ডারউইনের তুলনায় এখানে বলের আড়াআড়ি মুভমেন্ট কম। শুরুর দিকে পিচে ভেজা ভাব থাকলেও আবহাওয়া ভালো থাকায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট আরও শক্ত ও দ্রুতগতির হয়ে উঠতে পারে বলে মনে করছেন তিনি।
স্টার্কের আশা, বাংলাদেশের আরও চারটি উইকেট দ্রুত তুলে নেওয়ার পর ব্যাটিংয়ের জন্য ভালো সুযোগ তৈরি হবে অস্ট্রেলিয়ার। তবে প্রথম সেশনে তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ যে নিজেদের পরিকল্পনায় বড় পরিবর্তন এনে সফল হয়েছে, সেটিই আপাতত ম্যাচের সবচেয়ে বড় বার্তা।


