থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। এশিয়ার ক্রিকেট নিয়ে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এসিসির সভাপতি নির্বাচনের পালাক্রমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে যুক্ত করার সিদ্ধান্ত অন্যতম।
এত দিন এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এসিসির সভাপতি পদে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে দায়িত্ব দেওয়া হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই তালিকায় যুক্ত হলো আফগানিস্তানও। ফলে নিয়ম অনুযায়ী ভবিষ্যতে আফগানিস্তানের প্রতিনিধিও এসিসির সভাপতির দায়িত্ব নিতে পারবেন।
সভায় সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি। এ ছাড়া ২০২৬-২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নির্বাহী বোর্ডের নতুন সদস্য নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এবারই প্রথম এসিসির কোনো সভায় অংশ নিয়েছেন। সভায় তাঁকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এশিয়ার ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে সভায় এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, ‘এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার একটি মাধ্যম। আমাদের আজকের এসব সিদ্ধান্ত এশিয়ার ক্রিকেটকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।’


