রুবেলের ঘূর্ণিতে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে মোহাম্মদ রুবেলের ঘূর্ণির রহস্য যেন কিছুতেই ভেদ করতে পারছেন না প্রতিপক্ষ ব্যাটসম্যানেরা। টানা তৃতীয় ম্যাচেও ৪ উইকেট নিয়ে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলকে এনে দিলেন দারুণ এক জয়। তাঁর স্পিন-জাদুতে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।

ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ১৩১ রানের বেশি করতে পারেনি ভিক্টোরিয়া। জবাবে ১৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন দল। এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বাংলাদেশ এইচপি।

বাংলাদেশের এই টানা সাফল্যে সবচেয়ে বড় অবদান রুবেলের। তিন ম্যাচে তাঁর শিকার এখন ১১ উইকেট, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। ভিক্টোরিয়ার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আগের দুই ম্যাচে ৭ উইকেট নেওয়া এই স্পিনার প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের ব্যাটিংয়ে বড় ধাক্কা দিয়েছেন।

ভিক্টোরিয়ার ইনিংসের দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন রুবেল। প্রথম বলেই কেলাওয়ে কেম্পবেলকে বোল্ড করে শুরু করেন নিজের ঘূর্ণি-জাদু। পরের ওভারে একই ধরনের ভেতরে ঢোকা বলে বোল্ড করেন লিয়াম ব্ল্যাকফোর্ডকে। দুজনের কেউই বুঝতে পারেননি বলটি কোন দিকে ঘুরবে।

এরপর সপ্তম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে ভিক্টোরিয়ার ওপর আরও চাপ বাড়ান বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। ৪০ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। চার নম্বরে নেমে উইল সাদারল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২৫ বলে ৩০ রানের বেশি করতে পারেননি।

নিজের পরের স্পেলে ফিরে আবারও জোড়া আঘাত করেন রুবেল। হ্যারি হোয়েস্ত্রা ও অস্টিন আনলেজার্ককে বোল্ড করে ভিক্টোরিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। একপ্রান্তে অধিনায়ক স্যাম হার্পার লড়াই চালিয়ে গেলেও শেষ ব্যাটার হিসেবে ফেরার আগে ৬ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪৯ রান করেন। রুবেলের ৪ উইকেটের পাশাপাশি রকিবুল হাসান ২৮ রানে নেন ৩ উইকেট।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৮ ওভারের মধ্যেই ফিরে যান হাবিবুর রহমান সোহান (০), আরিফুল ইসলাম (১৫), জিসান আলম (১১) ও সাব্বির রহমান (৫)। মাত্র ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ এইচপি।

সেই চাপ সামলে দলকে ম্যাচে ফেরান শামীম হোসেন ও ইরফান শুক্কুর। মাত্র ৫১ বলে ৮৩ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দুজন। ইরফান ৩ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৩ রান করে দলকে জয়ের কাছাকাছি রেখে ফেরেন।

এরপর ছক্কা মেরে নিজের ফিফটি পূরণের পাশাপাশি বাংলাদেশের জয়ও নিশ্চিত করেন শামীম। ২ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার।

টানা তিন জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ এইচপি এবার চোখ রাখছে পরের ম্যাচে। নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে তারা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles