ব্যাট হাতে সময়টা ভালোই কাটছে সাব্বির রহমানের। ৩৪ বছর বয়সে এসে আবারও ব্যাটে ছন্দ খুঁজে পেয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ডারউইনে এইচপি দলের হয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নজর কেড়েছেন নিজের ব্যাটিং দিয়ে। তাঁর এই প্রত্যাবর্তনের পেছনে জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের অবদান দেখছেন সাব্বির।
ঘরোয়া ক্রিকেটকে এখনো বিদায় জানাননি মাহমুদউল্লাহ। তবে অস্ট্রেলিয়ায় এইচপি দলের সঙ্গে তিনি ছিলেন পরামর্শকের ভূমিকায়। অস্ট্রেলিয়া যাওয়ার আগেও সাব্বিরের সঙ্গে কাজ করেছেন সাবেক এই অধিনায়ক। অন্যদিকে সাবেক ওপেনার ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। এইচপি দল অস্ট্রেলিয়ায় যাওয়ার পর তিনিও পরামর্শক হিসেবে সাব্বিরদের সঙ্গে কাজ করেছেন।
দুই সিনিয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের ফেসবুক পোস্টে সাব্বির লিখেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই ও ইমরুল ভাই! আপনারা আমার কাছে শুধু কলিগ নন; আপনারা আমার গার্ডিয়ান, কোচ, মেন্টর এবং পথপ্রদর্শকও। আপনাদের থেকে ছোটবেলা থেকেই শিখেছি, এখন বড় হয়েও শিখছি। আসলে শেখার কোনো শেষ নেই। আশা করি, সামনেও আপনাদের কাছ থেকে আরও অনেক কিছু শেখার সুযোগ পাব।’
ক্যারিয়ারের এই সময়ে রিয়াদ ও ইমরুল যেভাবে পাশে দাঁড়িয়েছেন, সেটিও আলাদাভাবে উল্লেখ করেছেন সাব্বির। তিনি লিখেছেন, ‘এই সময়ে এসে আপনারা যেভাবে আমাকে ব্যাক করেছেন, সাপোর্ট করেছেন এবং বিশ্বাস রেখেছেন, সেটা আমার জন্য সত্যিই অনেক মূল্যবান। আপনাদের দেওয়া প্রতিটি পরামর্শ ও গাইডলাইন মেনে চলার চেষ্টা করেছি এবং এখনও করে যাচ্ছি।’
টপ এন্ড টি-টোয়েন্টিতে ৬ ইনিংসে ১৮৪ রান করেছেন সাব্বির। ব্যাটিং গড় ৩৬.৮ এবং স্ট্রাইক রেট ১২৪.৩২। দলের সাফল্যেও রেখেছেন অবদান। নিজের পারফরম্যান্স নিয়ে সাব্বির লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বর্তমানে ভালো খেলতে পারছি এবং সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করছি। আমার এই ভালো করার পেছনে আপনাদের দুজনের অবদান অনেক বেশি। আপনাদের সাপোর্ট, গাইডলাইন ও বিশ্বাস আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে।’
সবশেষে দুই সিনিয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাব্বির লিখেছেন, ‘আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ। সামনেও আপনাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট ও গাইডলাইন প্রত্যাশা করি।’


