নারী ক্রিকেটে ব্যাটিংয়ের নতুন ইতিহাস লিখলেন স্মৃতি মান্ধানা। মিতালি রাজকে পেছনে ফেলে নারী আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক এখন ভারতের এই বাঁহাতি ব্যাটার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ‘গ্রুপ এ’-এর ম্যাচে হংকংয়ের বিপক্ষে চোখধাঁধানো এক সেঞ্চুরির পথে এই মাইলফলক স্পর্শ করেন ৩০ বছর বয়সী মান্ধানা।
মাইলফলকটি আসে তার ৩০৩তম আন্তর্জাতিক ইনিংসে। মিতালি রাজের ১০ হাজার ৮৬৮ রান ছাড়িয়ে যাওয়ার পর মান্ধানার মোট রান দাঁড়ায় ১০ হাজার ৮৮০। ফলে ১০ হাজার ৭৪০ রান করা নিউজিল্যান্ডের সুজি বেটসকেও পেছনে ফেলেছেন তিনি। চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মিতালির সামনে অবশ্য হারানো শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ নেই।
হংকংয়ের বিপক্ষে মান্ধানার ব্যাট যেন রীতিমতো ঝড় তুলেছিল। শেষ ওভারে রানআউট হওয়ার আগে মাত্র ৬৪ বলে ১৪টি চার ও ৭টি ছক্কায় ১২৪ রান করেন তিনি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ভারত ৫ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে।
শুধু সর্বোচ্চ রানের রেকর্ডই নয়, একই ইনিংসে আরও কয়েকটি কীর্তি গড়েছেন মান্ধানা। ১২৪ রানের ইনিংসটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার ১৮তম শতক-নারী ক্রিকেটে যা সর্বোচ্চ। এত দিন ১৭টি সেঞ্চুরি নিয়ে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিংয়ের দখলে। ল্যানিংকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠেছেন মান্ধানা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। এই শতকের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করা প্রথম ভারতীয় নারী ব্যাটার হয়েছেন মান্ধানা।

হংকংয়ের বিপক্ষে ইনিংসটি মান্ধানার ৯৩তম পঞ্চাশোর্ধ্ব আন্তর্জাতিক ইনিংসও। ফলে মিতালি রাজের সঙ্গে যৌথভাবে এই তালিকার বিশ্বরেকর্ডে উঠে এসেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য এই তালিকায় মান্ধানা এরই মধ্যে এককভাবে শীর্ষে। সেখানে তার পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন ৩৭টি। ৩৩টি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
তিন সংস্করণ মিলিয়ে মান্ধানার ক্যারিয়ারও এখন রেকর্ডের ভারে সমৃদ্ধ। ৯ টেস্টে তার রান ৭৮৮, গড় ৫২.৫৩। ওয়ানডেতে ৪৭.৮৮ গড়ে করেছেন ৫ হাজার ৪১১ রান। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৪ হাজার ৬৮১ রান।
নারী আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন মান্ধানার পেছনে মিতালি রাজ ও সুজি বেটস। শীর্ষ পাঁচে রয়েছেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস ও ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলরও।


