বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটাতে চায় আমিরাতের নারীরা

নারী এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরাতের সামনে কঠিন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ বাংলাদেশ। তবে এই ম্যাচে শুধু জয় নয়, ইতিহাস গড়ার হাতছানি দেখছে আমিরাত। বাংলাদেশকে হারাতে পারলে প্রথমবারের মতো এশিয়া কাপের নকআউট পর্বে ওঠার সুযোগ তৈরি হবে তাদের।

দুবাইয়ে গ্রুপ ‘বি’-এর ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এশিয়া কাপে আমিরাত এখনো নবীন দল। ২০২২ সালে প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলতে নেমেছিল তারা। অভিষেক আসরেই মালয়েশিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিল দলটি। পরের আসরে অবশ্য কঠিন গ্রুপে পড়ে কোনো জয় পায়নি তারা। ভারত, পাকিস্তান ও নেপালের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হয়েছিল আমিরাতকে।

তবে এবার বদলে যাওয়া দল নিয়েই এশিয়া কাপে এসেছে আমিরাত। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে হারলেও পরের ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। সেই জয়ের পরই শেষ চারে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছে দলটি।

অন্যদিকে বাংলাদেশের সমীকরণও পরিষ্কার। আজ আমিরাতকে হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যায় তারা। সেই জয়ে শ্রীলঙ্কা নিশ্চিত করেছে শেষ চার।

গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ ও আমিরাত—দুই দলেরই পয়েন্ট ২। তবে নেট রানরেটে এগিয়ে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচে জয়ই দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। যে দল জিতবে, তারাই সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে।

কাগজে-কলমে অবশ্য বাংলাদেশের চেয়ে অনেকটাই পিছিয়ে আমিরাত। কিন্তু নকআউট পর্বের স্বপ্ন সামনে রেখে আজ অঘটন ঘটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। বাংলাদেশের জন্য তাই ম্যাচটি সহজ হওয়ার সুযোগ নেই।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles