বিগ ব্যাশ লীগের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। টুর্নামেন্টের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বাইরে, ভারতের চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। আগামী ১২ ডিসেম্বর এই ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনিগেডস এবং বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কোচার্স।
শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক যৌথ পরিদর্শনে এসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরও জোরদার করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে।
চেন্নাইয়ের স্থানীয় সময় দুপুর ২:৪০ মিনিটে ম্যাচটি শুরু হবে। পার্থে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পরপরই সম্প্রচারিত হবে এই ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগের জেনারেল ম্যানেজার অ্যালিস্টার ডবসন বলেন,
“ভারতে আমাদের খেলাধুলার একটি খাঁটি সংযোগ রয়েছে। এই ম্যাচটি উভয় দেশের সরকারের একটি বড় উদ্যোগের অংশ, যা প্রমাণ করে ক্রিকেট দুই দেশকে এক সুতোয় বাঁধে। আমরা এই সুযোগটি নিয়ে অত্যন্ত আনন্দিত এবং আশা করছি এটি অস্ট্রেলিয়ার যেকোনো ঘরোয়া লীগের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ম্যাচ হবে।”
ক্রিকেট অস্ট্রেলিয়ার ধারণা, বিশ্বের বৃহত্তম ক্রিকেট বাজারে এই একটি ম্যাচ আয়োজনের মাধ্যমে লীগের জনপ্রিয়তা, দর্শক সংখ্যা এবং ব্র্যান্ড ভ্যালু বহুগুণ বৃদ্ধি পাবে। একই সাথে বিগ ব্যাশ ক্লাবগুলোকে ব্যক্তিগত বিনিয়োগের (প্রাইভেট ইনভেস্টমেন্ট) জন্য উন্মুক্ত করার যে আলোচনা চলছে, এই দুই ফ্র্যাঞ্চাইজিই সম্ভবত তার প্রথম বাজার যাচাইকারী হতে যাচ্ছে।
বিসিসিআই এবং অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের অনুমোদনেই চেন্নাইয়ের মাঠটি বেছে নেওয়া হয়েছে। গত মে মাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল চেন্নাই সফর করে বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস এবং ভারপ্রাপ্ত সিইও হেমাং আমিনের সাথে বৈঠক করেছিলেন। এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া এই মাঠে ভারতের বিপক্ষে খেলেছিল এবং আগামী বছর বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টও এই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৫ মৌসুম পর মার্ভেল স্টেডিয়াম ছাড়ল রেনিগেডস
ডবসন জানান, লীগের আটটি ক্লাবই ভারতের এই ঐতিহাসিক ম্যাচের অংশ হতে চেয়েছিল। তবে সময়সূচীর নমনীয়তার কারণে মেলবোর্ন রেনিগেডসকে হোম টিম হিসেবে বেছে নেওয়া হয়েছে। কারণ, দীর্ঘ ১৫ মৌসুম পর এবার তারা তাদের পুরুষ দলের হোম ভেন্যু মার্ভেল স্টেডিয়াম থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) স্থানান্তরিত করেছে।
২০১১-১২ সালে বিগ ব্যাশের প্রথম আসর থেকেই মার্ভেল স্টেডিয়াম ছিল রেনিগেডসের প্রধান দুর্গ। এবার তারা এমসিজিতে মোট তিনটি ম্যাচ খেলবে। এর মধ্যে দু’টি হোম ম্যাচ (যার একটি মেলবোর্ন ডার্বি) এবং একটি মেলবোর্ন স্টারসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ।
রেনিগেডসের নতুন জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবট এক বিবৃতিতে বলেন, “গত মৌসুমে এমসিজিতে মেলবোর্ন ডার্বি দেখতে ৬৮,০০০ এরও বেশি দর্শক এসেছিলেন। এবার পুরো মাঠকে লাল রঙে রাঙিয়ে (রেনিগেডসের জার্সি) আমরা আবারও তেমন মুহূর্ত তৈরি করতে উন্মুখ।” তিনি আরও যোগ করেন, মার্ভেল স্টেডিয়াম সবসময়ই রেনিগেডসের ডিএনএ-র একটি বড় অংশ হয়ে থাকবে এবং ক্লাবের ইতিহাসে এর স্থান চিরকাল বিশেষ হয়ে থাকবে।


