জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বুলাওয়েতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।
চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস না থাকায় এই সিরিজেও দলের নেতৃত্বে থাকছেন তাওহীদ হৃদয়। মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, টি-টোয়েন্টি সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট, তাই অতীতের ভুল পেছনে ফেলে ভালো ক্রিকেট খেলাতেই মনোযোগ দিতে চান তারা,
তিনি বলেন,‘ক্রিকেটে হয় জিতবেন, নয়তো হারবেন। তবে এটি ভিন্ন ফরম্যাট এবং ভিন্ন ভেন্যু। আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে ফলও আমাদের পক্ষেই আসবে। টেস্ট ও ওয়ানডেতে যে ভুলগুলো করেছি, সেগুলো শুধরে নিয়ে এই ফরম্যাটে আরও মনোযোগী হতে চাই।’
এদিকে স্বাগতিক জিম্বাবুয়েকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, ‘নিজেদের মাঠে জিম্বাবুয়ে খুবই শক্তিশালী দল। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে আমাদেরও শক্তির জায়গা আছে। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে যদি ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে ভালো ফল সম্ভব।’
দুই বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানকে নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন ইয়াসির আলি চৌধুরি ও মোহাম্মদ সাইফ উদ্দিন। কিপিং করবেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
জিম্বাবুয়ে একাদশেঃ ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।


