রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন ক্রোয়েশিয়া

রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন ক্রোয়েশিয়া

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের কাছে ২-১ গোলে নাটকীয় হারের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্রোয়েশিয়ার প্রধান কোচ জ্লাতকো দালিচ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তে সমতাসূচক গোল বাতিল হওয়ায় হতাশা আরও বেড়ে যায় ক্রোয়েশিয়া শিবিরে। ম্যাচ শেষে দালিচ রেফারির পারফরম্যান্সকে ‘ভয়াবহ’বলে মন্তব্য করেন।

ম্যাচের নির্ধারিত সময়ের লড়াইয়ে ক্রোয়েশিয়ার দুটি গোল বাতিল হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে ম্যাচের শেষ দিকে, যখন সমতাসূচক গোলটি বলের ভেতরে থাকা চিপ-ভিত্তিক কানেক্টেড বল প্রযুক্তির সহায়তায় অফসাইডের কারণে বাতিল করা হয়।

প্রযুক্তিটি শনাক্ত করে, গোল হওয়ার আগে এক ক্রোয়েশিয়ান খেলোয়াড় বল স্পর্শ করেছিলেন, যার ফলেই অফসাইডের সিদ্ধান্ত আসে। তবে প্রযুক্তিগত সিদ্ধান্ত নিয়ে বেশি মন্তব্য না করে দালিচ মূলত নরওয়ের রেফারি এস্পেন এসকাসের পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘ভিএআরের সিদ্ধান্ত আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমি এ নিয়ে আর কিছু বলতে চাই না। কিন্তু রেফারিং ছিল ভয়াবহ। আমাদের পক্ষে প্রায় কোনো ফাউলই দেওয়া হয়নি। রেফারিংয়ের দিক থেকে ম্যাচটি খুবই খারাপ ছিল।’

ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তা নিয়ে হতাশা প্রকাশ করে ক্রোয়েশিয়া কোচ বলেন, ‘অতিরিক্ত সময়ে গোল হজম করলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। এরপর আমরা গোল করলাম, বিশ্বাস করেছিলাম সেটি বৈধ। কিন্তু ভিএআরের সিদ্ধান্ত ছিল ভিন্ন। এটা মেনে নেওয়া সহজ নয়। তবুও আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি।’

দ্বিতীয়ার্ধেই ম্যাচের সব নাটকীয়তা ঘটে। ইভান পেরিসিচ গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দিলেও সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। পর্তুগাল সমতা ফেরানোর পর ক্রোয়েশিয়া একবার ক্রসবারে বল লাগায় এবং আরেকবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অতিরিক্ত সময়ে পর্তুগাল জয়সূচক গোল করে শেষ আট নিশ্চিত করে।

দালিচ স্বীকার করেন, প্রথমার্ধে দল আরও ভালো খেলতে পারলে ফল ভিন্ন হতে পারত। দ্বিতীয় গোল হজমের ব্যাখ্যা দেওয়াও কঠিন বলে মন্তব্য করেন তিনি। ২০১৭ সাল থেকে ক্রোয়েশিয়ার দায়িত্বে থাকা দালিচ দলকে ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থান এনে দিয়েছিলেন। তবে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন এই অভিজ্ঞ কোচ।

দালিচ বলেন, ‘হ্যাঁ, এটি একটি যুগের সমাপ্তি-অন্তত এই বিশ্বকাপের জন্য। আগামী চার বছরে কী হবে, তা এখনই বলতে পারছি না। দেশে ফিরে সবার সঙ্গে আলোচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেব।’

Exit mobile version