দাপুটে ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারালো ইংল্যান্ড

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারালো ইংল্যান্ড

আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার। (ছবি: গেটি ইমেজেস)

পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাড়ম্যাড়ে লড়াইয়ের পর, ফুটবলপ্রেমীদের দারুণ এক গতির খেলা উপহার দিল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। বিশেষ করে হ্যারি কেইন এবং জুড বেলিংহামদের গতিময় ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি ক্রোয়াটরা। প্রথমার্ধে দুই দলই ২-২ গোলে সমতায় থেকে লড়াই জমিয়ে তুলেছিল। তবে দ্বিতীয়ভাগে ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ইংলিশরা। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল করে লুকা মদরিচের ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারালো ইংল্যান্ড ।

কেইন-বেলিংহ্যামের নৈপুণ্যে ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করল ইংল্যান্ড

টমাস টুখেলের কোচিংয়ে ইংল্যান্ড যে দুর্দান্ত ও আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে বিপরীতে ক্রোয়েশিয়াও শুরুতে যে লড়াকু মনোভাব উপহার দিয়েছে তাতে বলই যায় এটিই এই বিশ্বকাপের এখনও পর্যন্ত সেরা ম্যাচ। ম্যাচে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোল ও নতুন রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে থ্রি লায়নরা। পুরো ম্যাচে দুইবার ঘুরে দাঁড়িয়ে সমতা থামালেও শেষ রক্ষা হয়নি ক্রোয়াটদের; ইংলিশদের আক্রমণভাগের ঝড়ের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হয়েছে তাদের।

ডালাসে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের বড় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জোড়া গোল করেন অধিনায়ক হ্যারি কেইন। এছাড়া জুড বেলিংহ্যাম ও বদলি হিসেবে মাঠে নামা মার্কাস র‍্যাশফোর্ড একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা

ম্যাচের শুরুতেই থ্রি লায়নদের লিড এনে দেন কেইন। তবে ইংলিশদের সেই উদযাপনের আনন্দ দ্রুতই মাটি করে দেয় ক্রোয়েশিয়া। মার্তিন বাতুরিনার দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে ক্রোয়াটরা। এরপর কেইন নিজের দ্বিতীয় গোল করে দলকে আবারও লিড এনে দিলেও বিরতির ঠিক আগে লক্ষ্যভেদ করেন পেতার মুসা। ফলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও জ্বলে ওঠে ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের গোলে তৃতীয়বারের মতো লিড নেয় টুখেলের শিষ্যরা। আর ম্যাচের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি স্ট্রাইকার র‍্যাশফোর্ড। তার গোলেই ৪-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এদিকে ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে গ্যারি লিনেকারের এক অনন্য কীর্তিতে ভাগ বসিয়েছেন হ্যারি কেইন। বৈশ্বিক এই আসরে অর্থাৎ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি গায়ে সর্বোচ্চ ১০টি গোল করার রেকর্ড এখন যৌথভাবে এই দুই কিংবদন্তি স্ট্রাইকারের দখলে।

ইংলিশ ডাগআউটে নতুন কোচ টমাস টুখেলের জন্য এই জয়টি ছিল দারুণ এক সুসংবাদ। পুরো ম্যাচজুড়ে ইংলিশদের হাই-প্রেসিং ফুটবলের সামনে ক্রোয়েশিয়া লড়াইয়ের চেষ্টা করলেও, শেষ পর্যন্ত ইংল্যান্ডের মাঝমাঠ ও রক্ষণভাগের জমাট পারফরম্যান্সের কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় তারা।

Exit mobile version