জমে উঠেছে বিশ্বকাপের শিরোপার লড়াই। সেই লড়াইয়ে টিকে থাকতে সবশেষ কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে দুই শক্তিশালী দল। বিশ্বকাপের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপ-দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটির মাঠে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। শক্তির বিচারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা। লিওনেল স্কালোনির দল আক্রমণভাগে যেমন ধারালো, তেমনি বড় ম্যাচে তাদের অভিজ্ঞতাও সুইজারল্যান্ডের তুলনায় অনেক বেশি।
অন্যদিকে সুইজারল্যান্ডকে পিছিয়ে রাখার সুযোগ নেই। দ্রুত পাল্টা আক্রমণ ও শক্তিশালী টাইব্রেকারে থেমে যেতে পারে মেসিদের বিশ্বকাপ যাত্রা! গ্রুপ পর্বে আর্জেন্টিনা জে গ্রুপের তিন ম্যাচেই জয় তুলে নেয়। তারা আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে ওঠে।
শেষ ৩২-এ কেপ ভার্দেকে ৩-২ গোলে হারানোর পর শেষ ষোলোতে পিছিয়ে থেকে শেষ দিকের ঝড়ে মিসরকে ব্যবধানে ৩-২ গেলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
অন্যদিকে বি গ্রুপে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে। শেষ ৩২-এর ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারায় সুইসরা। এরপর শেষ ষোলোতে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়।
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা অনেক এগিয়ে। দলটি তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং একাধিকবার ফাইনাল খেলেছে। অন্যদিকে সুইজারল্যান্ড এখন পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছাতে পারেনি। নকআউট পর্বে সুইসদের লড়াকু মানসিকতা আর্জেন্টিনার জন্য কঠিন পরীক্ষা হয়ে উঠতে পারে।
একাদশ আর্জেন্টিনা (৪-৩-৩)
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস
একাদশ সুইজারল্যান্ড (৪-২-৩-১)
গোলরক্ষক: গ্রেগর কোবেল
ডিফেন্ডার: সিলভান ভিডমার, মানুয়েল আকাঞ্জি, ফ্যাবিয়ান শার, রিকার্দো রদ্রিগেজ
ডিফেন্সিভ মিডফিল্ড: গ্রানিত জাকা, রেমো ফ্রয়েলার
অ্যাটাকিং মিডফিল্ড: ড্যান এনদোয়ে, জেরদান শাকিরি, রুবিন ভার্গাস
স্ট্রাইকার: ব্রিল এমবোলো


