বিশ্বচ্যাম্পিয়নের ধারাবাহিকতা ধরে রাখাই সবচেয়ে কঠিন: মেসি

বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ধরে রেখে আবারও বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে এই ধারাবাহিক সাফল্যকে মোটেও স্বাভাবিক বলে মনে করেন না অধিনায়ক লিওনেল মেসি। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করার পর তিনি বলেছেন, একটি দল দীর্ঘ সময় ধরে শীর্ষ পর্যায়ে থেকে একের পর এক সাফল্য অর্জন করবে- এমন ঘটনা ফুটবলে খুবই বিরল। তাই বর্তমান সময়টিকে উপভোগ করার পাশাপাশি মূল্যায়ন করাও জরুরি।

কানসাস সিটিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণে তাদের সামনে শেষ চারের লড়াইয়ে প্রতিপক্ষ ইংল্যান্ড।

ম্যাচ শেষে ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‌’আর্জেন্টিনার মানুষ যেমন এই মুহূর্ত উপভোগ করছে, আমরাও তেমনই উপভোগ করছি। এই দল এমন কিছু অর্জন করেছে, যা স্বাভাবিক নয়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও একই মান ধরে রাখা, সব শিরোপা জয়ের পরও আবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা’-এগুলো সহজ নয়। তাই এই মুহূর্তগুলো আমাদের উপভোগ করতে হবে।’

তিনি আরও বলেন, “’আবার এমন সুযোগ কবে আসবে, আদৌ আসবে কি না, আমরা জানি না। দীর্ঘ অপেক্ষার পর আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই এরপর যা কিছু অর্জন করছি, সবই উপভোগ করা এবং মূল্যায়ন করা উচিত। এখন আমাদের লক্ষ্য বিশ্রাম নেওয়া, শক্তি ফিরে পাওয়া এবং সেমিফাইনালের জন্য প্রস্তুত হওয়া।’

সহজ ছিল না

সুইজারল্যান্ডের বিপক্ষে জয়টা সহজ ছিল না বলেও স্বীকার করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের প্রথমার্ধে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দলকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে সমতা ফেরান দান এনদোয়ে। এরপর সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের মোড় ঘুরে যায়। অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোল এবং লাউতারো মার্তিনেজের শেষ মুহূর্তের গোল আর্জেন্টিনাকে নিশ্চিত করে শেষ চারের টিকিট।

গোল করার পর লিওনেল মেসি

ম্যাচের কঠিন পরিস্থিতি নিয়ে মেসি বলেন, ‘আমরা জানতাম এটি কঠিন ম্যাচ হবে। এগিয়ে যাওয়ার পরও তারা আমাদের চাপে রেখেছিল। আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি, দীর্ঘ সময় বলের নিয়ন্ত্রণও ধরে রাখতে পারিনি। বল ছাড়া আমাদের অনেক নিচে নেমে রক্ষণ সামলাতে হয়েছে। লাল কার্ডের পর ম্যাচের চিত্র বদলেছে, কিন্তু তারপরও জয় সহজ ছিল না।’

অপেক্ষায় মেসি

সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায়ও আছেন মেসি। জাতীয় দলের জার্সিতে এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন তিনি। যদিও দুই দেশের বিশ্বকাপ ইতিহাসে রয়েছে বহু স্মরণীয় অধ্যায়, বিশেষ করে ১৯৮৬ সালের ‘হ্যান্ড অব গড’ এবং ডিয়েগো ম্যারাডোনার কিংবদন্তি একক গোল এখনো ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা।

এ প্রসঙ্গে মেসি বলেন, ‘১৯৮৬ সালের আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ সম্পর্কে আমি ভিডিও ও ছবি থেকেই জেনেছি। আর্জেন্টিনার মানুষ এখনো সেই স্মৃতি বাঁচিয়ে রেখেছে। তবে আমাদের এই দল প্রতিপক্ষ যেই হোক, নিজেদের খেলাতেই মনোযোগ দেয়। ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা অবশ্যই বিশেষ, কারণ তারা বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি। ব্যক্তিগতভাবে এটাই হবে তাদের বিপক্ষে আমার প্রথম ম্যাচ। তাই সেটিও আমার জন্য বিশেষ। তবে আমরা এটিকে বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ সেমিফাইনাল হিসেবেই দেখছি এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles