২০২৮ সাল পর্যন্ত বার্সায় থাকবেন ফ্লিক

২০২৮ সাল পর্যন্ত বার্সায় থাকবেন ফ্লিক

ছবি : কালেক্টেড

২০২৮ সাল পর্যন্ত বার্সায় থাকবেন ফ্লিক । লা লিগা শিরোপা নিশ্চিত করার পর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত বাড়ছে। বর্তমান চুক্তি ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও, সেটি আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বার্সা।

রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা তাদের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করে। সেই জয়ের পর তিন ম্যাচ হাতে রেখেই তাদের পয়েন্ট দাঁড়ায় ৯১, যা আর ছোঁয়া সম্ভব নয়। শিরোপা জয়ের কয়েক দিনের মধ্যেই আসে ফ্লিকের চুক্তি বাড়ানোর খবর।

মঙ্গলবার সাংবাদিকদের ফ্লিক বলেন, গত কয়েক দিন তার জীবনে ব্যক্তিগত কিছু কঠিন মুহূর্ত ছিল। রোববারই তার বাবা মারা যান। তবে নতুন চুক্তি নিয়ে তিনি খুশি বলেও জানান। তার ভাষায়, ক্লাব ও দল তাকে আরও এক বা দুই বছর কাজ চালিয়ে যাওয়ার আস্থা দিয়েছে।

৬১ বছর বয়সী জার্মান কোচ আরও বলেন, বার্সেলোনার ক্ষেত্রে খুব দীর্ঘ চুক্তির চেয়ে সীমিত সময়ের চুক্তিই ভালো। ২০২৮ সাল পর্যন্ত গিয়ে আবার পরিস্থিতি পর্যালোচনা করা হবে, এরপর চাইলে আরও এক বছরের মেয়াদ বাড়ানো যেতে পারে। তার মতে, এটি ক্লাব ও কোচ, উভয়ের জন্যই ভালো সমঝোতা।

বায়ার্ন মিউনিখের হয়ে ট্রেবল জেতা ফ্লিক ২০২৪ সালে বার্সায় দুই বছরের চুক্তিতে যোগ দেন। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মান জাতীয় দল থেকে বরখাস্ত হওয়ার পর তিনি নতুন করে নিজেকে প্রমাণের লক্ষ্য নিয়ে কাতালান ক্লাবে পা রাখেন।

তার অধীনে বার্সেলোনা ঘরোয়া ফুটবলে দ্রুতই আধিপত্য ফিরে পায়। তারা টানা দুই লা লিগা শিরোপার পাশাপাশি ২০২৪-২৫ কোপা দেল রে এবং পরপর দুটি স্প্যানিশ সুপার কাপ জেতে। তবে এবারের চ্যাম্পিয়ন্স লিগে তাদের পথ থামে কোয়ার্টার ফাইনালে, অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে।

Exit mobile version