বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে বিতর্কের মুখে শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। একাধিক মহাদেশীয় কনফেডারেশন ও সদস্যদেশের আপত্তির পর সংস্থাটি জানিয়েছে, এ উদ্যোগ আর এগিয়ে নেওয়া হবে না। বাংলাদেশ সময় ভোরের দিকে প্রকাশিত ফিফার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, বিশ্বকাপের স্বত্ব বিক্রিসংক্রান্ত প্রকল্পটি আপাতত স্থগিত রাখা হচ্ছে।
চার অনুচ্ছেদের ওই বিবৃতিতে তিনি বলেন, সদস্যদের মধ্যে পর্যাপ্ত ঐকমত্য না থাকায় এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে না।
এর আগে ইনফান্তিনো বিশ্বের ২১১টি সদস্য ফুটবল ফেডারেশনকে একটি প্রস্তাব দেন। এতে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদানের প্রতিশ্রুতি ছিল এবং ১৯ সেপ্টেম্বরের মধ্যে মতামত জানাতে বলা হয়। তবে প্রস্তাবটি প্রকাশ্যে আসার পরই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা প্রস্তাব প্রত্যাখ্যানের পাশাপাশি বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারিও দেয়। পরে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনফেডারেশন কনকাকাফও একই অবস্থান নেয়।
প্রায় ৯৫টি সদস্যদেশের বিরোধিতার পর ফিফা শুরুতে দাবি করেছিল, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং গণমাধ্যমে প্রকল্পটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তবে পরিস্থিতির পরিবর্তন হয় যখন এশিয়ান ফুটবল কনফেডারেশনও উদ্বেগ প্রকাশ করে। আফ্রিকা ও এশিয়ার অনেক দেশ ফিফার আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল হলেও এএফসির অবস্থান ইনফান্তিনোর জন্য চাপ আরও বাড়িয়ে দেয়।
শুরুতে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের পক্ষে অবস্থান নিলেও পরে সুর নরম করেন ইনফান্তিনো। বিবৃতিতে তিনি বলেন, এই উদ্যোগ তখনই বিবেচনায় আনা হবে, যখন ফিফার অধিকাংশ সদস্য এর প্রতি সমর্থন জানাবে এবং পুরো প্রক্রিয়া সদস্য ফেডারেশন, ফিফা কাউন্সিল, মহাদেশীয় কনফেডারেশন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার ভিত্তিতে পরিচালিত হবে।
ইনফান্তিনো আরও বলেন, সব পক্ষের মতামত শোনার পর স্পষ্ট হয়েছে যে, প্রস্তাবটি ফুটবল অঙ্গনে বিভাজনের সৃষ্টি করেছে। তাঁর ভাষায়, সমর্থনের পরিমাণ যাই হোক না কেন, এমন পরিস্থিতিতে প্রকল্পটির মূল উদ্দেশ্য আর সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। তাই এটি আর এগিয়ে নেওয়া হবে না।
এই বিতর্কে ফিফা ও বিভিন্ন কনফেডারেশনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী দিনগুলোতে সব পক্ষকে একত্র করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ইনফান্তিনো।


