ইউরোপের শীর্ষ লিগ ছেড়েছেন তিন বছরেরও বেশি সময় আগে। একজন এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস), অন্যজন সৌদি আরবের প্রো লিগে খেলছেন। কিন্তু সময়ের সঙ্গে বদলায়নি একটি বিষয়-ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষ দুটি স্থান এখনও দখলে রয়েছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর।
২০২৬ ফিফা বিশ্বকাপের পর এবার শুরু হতে যাচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলের নতুন মৌসুম। আগামী ১৫ আগস্ট লা লিগা, ২১ আগস্ট প্রিমিয়ার লিগ ও লিগ ওয়ান, ২২ আগস্ট সেরি আ এবং ২৮ আগস্ট বুন্দেসলিগা মাঠে গড়াবে। নতুন মৌসুম শুরুর আগে ফিরে দেখা যাক ইউরোপের পাঁচ শীর্ষ লিগের সর্বকালের সেরা গোলদাতাদের।
সবার ওপরে রয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে লা লিগায় ৫২০ ম্যাচে ৪৭৪ গোল করার পর প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে লিগ ওয়ানে আরও ২২ গোল যোগ করেন আর্জেন্টাইন মহাতারকা। সব মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৪৯৬।
মেসির ঠিক পেছনেই রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো ক্রিশ্চিয়ানো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে তিনটি ভিন্ন শীর্ষ লিগে গোলের বন্যা বইয়ে মোট ৪৯৫ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার। লা লিগায় রিয়ালের হয়ে ৩১১, সেরি আ-তে জুভেন্টাসের হয়ে ৮১ এবং প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শতাধিক গোল করেছেন।
তৃতীয় স্থানে রয়েছেন পোল্যান্ডের রবার্ট লেফানদোভস্কি। বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার হয়ে তাঁর মোট গোল ৩৯৫। বুন্দেসলিগায় ২০২০-২১ মৌসুমে গার্ড মুলারের এক মৌসুমে ৪০ গোলের রেকর্ড ভেঙে ৪১ গোল করে ইতিহাস গড়েছিলেন তিনি।

চতুর্থ স্থানে থাকা জার্মান কিংবদন্তি গার্ড মুলার বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগায় করেছেন ৩৬৫ গোল। দীর্ঘদিন এক মৌসুমে সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ডও ছিল তাঁর দখলে।
পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের জিমি গ্রিভস। চেলসি, টটেনহাম ও ওয়েস্ট হ্যামের হয়ে ৫১৬ ম্যাচে ৩৫৭ গোল করে তিনি ইংলিশ ফুটবলের অন্যতম সেরা গোলদাতার মর্যাদা অর্জন করেছেন।
ষষ্ঠ স্থানে রয়েছেন স্টিভ ব্লুমার। উনিশ শতকের শেষভাগ ও বিশ শতকের শুরুর দিকের এই কিংবদন্তি ডার্বি কাউন্টি ও মিডলসব্রোর হয়ে মোট ৩১৪ গোল করেন।
সপ্তম স্থানে থাকা হ্যারি কেইন এই তালিকার একমাত্র সক্রিয় ফুটবলার, যিনি এখনও ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলছেন। টটেনহাম ও বায়ার্ন মিউনিখের হয়ে তাঁর গোলসংখ্যা এখন ৩১১, যা ইতোমধ্যেই ডিক্সি ডিনকে ছাড়িয়ে গেছে।
অষ্টম স্থানে রয়েছেন এভারটনের কিংবদন্তি ডিক্সি ডিন। ইংলিশ শীর্ষ লিগে এক মৌসুমে ৬০ গোলের অবিশ্বাস্য রেকর্ড এখনও তাঁর দখলে। ক্যারিয়ারে করেছেন ৩১০ গোল।
নবম স্থানে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচ স্পেন, ফ্রান্স, ইতালি ও ইংল্যান্ডের লিগে খেলে মোট ৩০২ গোল করেছেন। তাঁর মধ্যে সবচেয়ে বেশি ১৫৬ গোল এসেছে ইতালিয়ান সিরি আ-তে।
শীর্ষ দশের শেষ নামটি ডেলিও ওনিস। ইতালিতে জন্ম নেওয়া এবং আর্জেন্টিনায় বেড়ে ওঠা এই কিংবদন্তি ফরাসি লিগ ওয়ানের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। রেইমস, মোনাকো, ত্যুর ও তুলোঁর হয়ে খেলেছেন তিনি। মোট ২৯৯ গোলের পাশাপাশি পাঁচবার লিগের সর্বোচ্চ গোলদাতার কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে।


