স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা, আলভারেজই প্রথম পছন্দ ফ্লিকের

দলে লামিনে ইয়ামাল, রাফিনিয়া, দানি অলমো, ফারমিন লোপেজ, ফেররান তোরেসদের মতো আক্রমণভাগের তারকা আছেন। নতুন মৌসুমের আগে যোগ দিয়েছেন অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমিও। তবু বার্সেলোনা এখনও একজন স্বীকৃত স্ট্রাইকার খুঁজছে। রবার্ট লেভানডোভস্কির বিকল্প হিসেবে নতুন একজন নম্বর নাইনকে দলে ভেড়াতে চান কোচ হ্যান্সি ফ্লিক।

এদিকে ধারে দলে আসা মার্কাস রাশফোর্ডের সঙ্গে বার্সেলোনার পথচলাও শেষ হয়েছে। ফলে আক্রমণভাগে আরও একজন অভিজ্ঞ গোলদাতার প্রয়োজনীয়তা অনুভব করছে কাতালান ক্লাবটি।

ফেররান তোরেসের ভবিষ্যৎও অনিশ্চিত। তার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর। ফলে তিনি ক্লাব ছাড়বেন, নতুন চুক্তি করবেন নাকি চুক্তির মেয়াদ শেষ করে ফ্রি এজেন্ট হবেন, তা এখনও পরিষ্কার নয়।
বার্সেলোনার প্রধান লক্ষ্য অবশ্য অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা নিশ্চিত করেছেন, তাকে দলে ভেড়াতে প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দুই ক্লাবের আলোচনা আপাতত অগ্রগতি পাচ্ছে না।
তোরেসের ভবিষ্যৎ এবং নতুন স্ট্রাইকার নিয়ে প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে।

স্পোর্টিং ডিরেক্টর ডেকোর ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমরা জানি, আমাদের কিছু একটা করতেই হবে। তবে বিষয়টি ফেররানের পরিস্থিতির ওপরও নির্ভর করছে। এরপর দেখা যাবে কী হয়।’

এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তোরেসও নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, ‘বার্সেলোনার সঙ্গে আমার চুক্তি আছে। তবে ফুটবলে কখন কী হয়, বলা যায় না। আমি শুধু সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এখনও জানি না কী হবে।’

তোরেস চলে গেলে এবং নতুন কোনো স্ট্রাইকারকে দলে আনা না গেলে বর্তমান স্কোয়াড থেকেই সমাধান খুঁজতে হতে পারে ফ্লিককে। তার বিশ্বাস, নতুন দুই সাইনিং গর্ডন ও আদেয়েমি প্রয়োজনে সেন্টার ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারবেন। এমনকি লামিনে ইয়ামালও মাঝখানে খেলতে সক্ষম।

ফ্লিক বলেন, ‘লামিনে আমাদের হয়ে এক-দুইটি ম্যাচে মাঝখানে খেলেছে। সে অসাধারণ একজন ফুটবলার, বিশ্বমানের খেলোয়াড়। তাই সে এই ভূমিকাতেও মানিয়ে নিতে পারে। তবে আমরা মূলত তাকে উইংয়েই দেখতে চাই। গর্ডন ও আদেয়েমিও দুই উইংয়ের পাশাপাশি নম্বর নাইন হিসেবেও খেলতে পারে। আমাদের হাতে বেশ কয়েকটি বিকল্প আছে।’

আলভারেজকে দলে ভেড়ানো এখনও বার্সেলোনার প্রথম অগ্রাধিকার। তবে বিকল্প পরিকল্পনাও তৈরি করে রাখছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সম্প্রতি ফরাসি তরুণ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপির সম্ভাব্য দলবদল নিয়েও খোঁজ নিয়েছিল ক্লাবটি। যদিও চোটে পড়ায় আপাতত তার বোর্নমাউথেই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি।

আগামী ২৩ আগস্ট এলচের মাঠে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুম শুরু করবে বার্সেলোনা। তার আগেই আক্রমণভাগে নতুন সংযোজন করতে চায় কাতালান ক্লাবটি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles