ভিলার স্বপ্ন ভেঙে পিএসজির সুপার কাপ জয়

ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের পর্দা উঠল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) আরেকটি ট্রফি জয়ের মধ্য দিয়ে। উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরাসি ক্লাবটি। গত মৌসুমে পাঁচটি ট্রফি জয়ের পর নতুন মৌসুমেও প্রথম সুযোগেই শিরোপার স্বাদ পেল লুইস এনরিকের দল।

অস্ট্রিয়ার সালজবুর্গে বুধবার রাতে ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াই ছিল জমজমাট। ২০ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন খভিচা কাভারাসখেলিয়া। বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে দুর্দান্ত এক শটে অ্যাস্টন ভিলার গোলরক্ষককে পরাস্ত করেন জর্জিয়ান ফরোয়ার্ড। উয়েফা সুপার কাপে গোল করা প্রথম জর্জিয়ান খেলোয়াড়ও হলেন তিনি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় শেষ ১০ ম্যাচে এটি তাঁর অষ্টম গোল।

তবে প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরে ভিলা। ১৭ বছর বয়সী ব্রায়ান মাদজো দুর্দান্ত ভলিতে পিএসজির জালে বল পাঠান। ভিলার জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকেই গোল করে ইতিহাস গড়েন এই তরুণ। ফিফার নিবন্ধন-সংক্রান্ত জটিলতার কারণে তাঁর অভিষেক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) সিদ্ধান্তে খেলার অনুমতি পান তিনি।

উয়েফা কাপ হাতে প্যারিস সেন্ত জার্মেইয়ের খেলোয়াড়রা

দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য বদলে দেন দেজিরে দুয়ে। ৬১ মিনিটে উসমান দেম্বেলের পাস ধরে ভিলার রক্ষণ ভেঙে বাঁ পায়ের শটে দূরের পোস্টের কোণ খুঁজে নেন তিনি। প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল করা হলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। ভিলার ডিফেন্ডার মাত্তি ক্যাশই দুয়েকে অনসাইডে রেখেছিলেন।

শেষ পর্যন্ত সেই গোলই পিএসজির শিরোপা নিশ্চিত করে। বিশ্বকাপ শেষে মাত্র সোমবার অনুশীলনে ফেরা দুয়েকে একাদশে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন এনরিকে, যার পূর্ণ প্রতিদান দিয়েছেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

এই জয়ে রিয়াল মাদ্রিদের পর প্রথম দল হিসেবে টানা দুই বছর উয়েফা সুপার কাপ জয়ের কীর্তি গড়ল পিএসজি। আর ভিলা কোচ উনাই এমেরির জন্য সুপার কাপে এটি টানা চতুর্থ হার- আগের তিনটি এসেছিল সেভিয়া ও ভিয়ারিয়ালের হয়ে।

পিএসজির সামনে এখন আরও শিরোপার হাতছানি। রোববার ফ্রান্সের লিগ ও কাপজয়ী দলের লড়াই ত্রফে দে শ্যাম্পিয়নে লঁসের মুখোমুখি হবে তারা। নতুন মৌসুমের সম্ভাব্য ছয় শিরোপার পথে ইতিমধ্যে প্রথমটি নিজেদের করে নিয়েছে প্যারিসের ক্লাবটি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles