নয় বছর পর প্রিমিয়ার লিগে ফিরেই বড় চমক দেখাল হাল সিটি। মৌসুমের প্রথম ম্যাচেই নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে সদ্য প্রিমিয়ার লিগে ওঠা দলটি। অন্যদিকে নতুন মৌসুমের শুরুতেই এমন হারে গত মৌসুমের শেষ দিকে পাওয়া আত্মবিশ্বাসে বড় ধাক্কা খেল মাইকেল ক্যারিকের দল।
ম্যাচের শুরু থেকেই ইউনাইটেডকে চাপে রাখে হাল। আক্রমণের পাশাপাশি সেট-পিসেও ছিল তাদের দারুণ কার্যকর উপস্থিতি। এর ফলও আসে দ্রুত। ১৭ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে অলিভার ম্যাকবার্নির শট ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক সেন্নে লামেন্স। তবে ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি সেমি আজাই। তাঁর গোলে এগিয়ে যায় হাল সিটি।
প্রথম গোলের পরও থামেনি স্বাগতিকদের আক্রমণ। ইউনাইটেডের রক্ষণে বারবার চাপ তৈরি করে তারা। প্রথমার্ধ শেষ হওয়ার সাত মিনিট আগে আবারও সেট-পিস থেকে গোল পেয়ে যায় হাল। ফ্রি-কিক থেকে রেগান স্লেটারের নিখুঁত ক্রসে উঁচুতে উঠে দুর্দান্ত হেডে বল জালে পাঠান নোবেল মেন্ডি। তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় হাল সিটি। নিজেদের মাঠ এমকে এম স্টেডিয়ামে তখন উৎসবের আবহ। ৫২ বছর পর লিগে প্রথমবার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পথে আরও এক ধাপ এগিয়ে যায় তারা।
দুই গোল হজম করার পরও ম্যাচে ফিরতে পারেনি ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মার্কাস রাশফোর্ড। ২০২৪ সালের ডিসেম্বরের পর ক্লাবটির হয়ে প্রথমবার মাঠে নেমে কিছুটা প্রাণ ফেরানোর চেষ্টা করেন তিনি। কিন্তু ইউনাইটেডের আক্রমণভাগ কাঙ্ক্ষিত ধার তৈরি করতে পারেনি।
৭৮ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল সফরকারীরা। মাঝামাঠের কাছ থেকে পাওয়া সুযোগে ব্রায়ান এমবিউমোর শট লক্ষ্যে থাকলেও দুর্দান্ত সেভ করেন হালের গোলরক্ষক কনস্তানতিনোস জোলাকিস। পুরো ম্যাচে ইউনাইটেডের আক্রমণভাগকে বেশিরভাগ সময়ই নিয়ন্ত্রণে রাখে হালের রক্ষণ।
পরিসংখ্যানেও এই হার ইউনাইটেডের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে প্রিমিয়ার লিগের কোনো মৌসুমের প্রথম ম্যাচে সদ্য প্রমোটেড দলের কাছে হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। হালের বিপক্ষে হারে সেই রেকর্ডও ভেঙে গেল।
ম্যাচ শেষে ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক অবশ্য অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে চাননি। তিনি মনে করেন, মৌসুমের মাত্র প্রথম ম্যাচের ফল দিয়ে পুরো দলের গতিপথ বিচার করা ঠিক হবে না। তবে প্রথম ম্যাচে হার যে হতাশাজনক, সেটিও স্বীকার করেছেন তিনি।
ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজও হালের আগ্রাসন ও তীব্রতার সঙ্গে তাল মেলাতে না পারাকে হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন। তাঁর মতে, প্রতিপক্ষের দুই সেট-পিস থেকেই গোল হওয়াটা ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছে।
গত মৌসুমে জানুয়ারিতে রুবেন আমোরিমের জায়গায় দায়িত্ব নেওয়ার পর ক্যারিক আত্মবিশ্বাস হারানো ইউনাইটেড দলকে ঘুরে দাঁড় করিয়েছিলেন। শেষ পর্যন্ত তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছিল তারা। সেই কারণে নতুন মৌসুমকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও ছিল অনেক বেশি।
কিন্তু মৌসুমের প্রথম ম্যাচেই হালের কাছে ২-০ ব্যবধানে হার সেই প্রত্যাশায় ধাক্কা দিয়েছে। বিপরীতে নয় বছর পর প্রিমিয়ার লিগে ফিরে প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পেয়েছে হাল সিটি। স্বাগতিকদের জন্য এটি যেমন স্মরণীয় প্রত্যাবর্তন, ইউনাইটেডের জন্য তেমনি নতুন মৌসুমের শুরুতেই বড় সতর্কবার্তা।


