বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুমের শুরু আবারও পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী ২০২৬-২৭ বাংলাদেশ ফুটবল লিগের মৌসুম শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর। এর আগে ২৫ আগস্ট থেকে মৌসুম শুরুর কথা থাকলেও কয়েকটি ক্লাবের খেলোয়াড় নিবন্ধন-সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে জানিয়েছে, অংশগ্রহণকারী সব ক্লাবকে প্রথম ধাপের খেলোয়াড় নিবন্ধন শেষ করতে হবে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে। বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ও ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব এখনো ফিফার দেওয়া খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা বা ট্রান্সফার ব্যান কাটিয়ে উঠতে পারেনি। কয়েক দফা সময় বাড়ানোর পরও সমস্যার সমাধান না হওয়ায় ঘরোয়া মৌসুমের সূচি আবারও পরিবর্তন করতে হয়েছে।
নতুন সূচিতে ফেডারেশন কাপও পিছিয়েছে। আগে ২৮ আগস্ট থেকে এই টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও এখন শুরু হবে ২২ সেপ্টেম্বর। ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
অন্যদিকে সামনে রয়েছে জাতীয় দলের ব্যস্ত সূচি। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। এই সময়ের কথা মাথায় রেখে বাফুফে আগামী ২৭ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ঘরোয়া লিগ মাঠে গড়ানোর আগেই জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে।
জাতীয় দলের ক্যাম্পের সময়সূচি ঘরোয়া ফুটবল সূচিতেও প্রভাব ফেলবে। এরপর আবার এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে ঘরোয়া ফুটবলে তৈরি হবে নতুন বিরতি। বাংলাদেশের ক্লাব ফুটবলের প্রতিনিধিত্ব করতে যাওয়া ফর্টিস এফসি অংশ নেবে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে। আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর কুয়েতে অনুষ্ঠিত হবে এই পর্ব।
ফর্টিস এফসির এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচগুলোর কারণে তাদের বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পরে আয়োজন করা হবে। বাফুফে জানিয়েছে, লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর ফর্টিসের স্থগিত ম্যাচগুলো আয়োজন করা হবে।
তবে এখানেই শেষ নয়। ঘরোয়া ফুটবল মৌসুমে আরও বড় বিরতি আসছে নভেম্বরে। ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। ফলে জাতীয় দলের এই বড় টুর্নামেন্টের জন্য আবারও থমকে যাবে ঘরোয়া ফুটবলের কার্যক্রম।
সব মিলিয়ে ২০২৬-২৭ মৌসুম শুরু হওয়ার আগেই সূচিতে একাধিক পরিবর্তন এসেছে। ক্লাবগুলোর নিবন্ধন জটিলতা, জাতীয় দলের আন্তর্জাতিক সূচি, ফোর্টিস এফসির এএফসি চ্যালেঞ্জ লিগ এবং ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ। সব মিলিয়ে ব্যস্ত সূচির মধ্যেই এগোতে হচ্ছে বাংলাদেশের ফুটবলকে।
নতুন সূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর শুরু হবে ঘরোয়া ফুটবল মৌসুম। তার আগে ২৭ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতিতে নামবে বাংলাদেশ।


