শেফিল্ড ইউনাইটেডের অপরাজিত যাত্রা থামিয়ে নরউইচের দুর্দান্ত জয়
চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠেই মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেলো হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। ব্রামল লেনে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে মৌসুমে নিজেদের প্রথম অ্যাওয়ে লিগ জয় তুলে নিয়েছে নরউইচ সিটি। ম্যাচজুড়ে দারুণ নিয়ন্ত্রিত ফুটবল খেলে প্রাপ্য জয়ই পেয়েছে সফরকারীরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নরউইচ। মাত্র ৮ মিনিটেই এগিয়ে যায় তারা। ডাচ উইঙ্গার অ্যান্থনি মুসাবা বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে পাঠান। মুসাবার শটটি হামজা ঠেকানোর চেষ্টা করলেও বলের নাগাল পাননি। মুসাবার নেয়া শট শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপারের হাতে লেগে ক্রসবারে আঘাত করে গোললাইন পেরিয়ে যায়। ফলে দ্রুতই ১-০ গোলে এগিয়ে যায় নরউইচ।
এরপর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শেফিল্ড ইউনাইটেড। অভিষেক ম্যাচ খেলতে নামা লিয়াম কিচিং কর্নার থেকে হেডে গোল করলেও ফাউলের কারণে সেটি বাতিল হয়। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে টাইরেস ক্যাম্পবেলের পাস থেকে শক্তিশালী শটে গোল করে ম্যাচে সমতা ফেরান প্যাট্রিক বামফোর্ড।
নিজের ৩৩তম জন্মদিনে গোল করে বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলেন বামফোর্ড। এরপর ম্যাচে উত্তেজনা আরও বাড়ে। দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগে আবারও এগিয়ে যায় নরউইচ। একক প্রচেষ্টায় বল নিয়ে গোলরক্ষক কুপারের সামনে গিয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন মোহামেদ তোরে। ফলে প্রথমার্ধ শেষ হয় নরউইচের ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের ধার ধরে রাখে নরউইচ। মুসাবার একটি শট ভালোভাবে ঠেকিয়ে দেন কুপার। অন্যদিকে শেফিল্ডের বদলি খেলোয়াড় কালভিন ফিলিপস দূরপাল্লার শটে সমতা ফেরানোর চেষ্টা করলেও তার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচের শেষ দিকে শেফিল্ড ইউনাইটেড যখন সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে আক্রমণে উঠছিল, তখনই নরউইচের হয়ে ব্যবধান বাড়ান আরেক বদলি খেলোয়াড় ম্যাথিয়াস কভিস্টগার্ডেন। সাবেক শেফিল্ড খেলোয়াড় আন্দ্রে ব্রুকসের নেওয়া শট গোললাইন থেকে দুর্দান্তভাবে ব্লক করেন হামজা চৌধুরী। কিন্তু ফিরতি বল পেয়ে গোল করে নরউইচের জয় অনেকটাই নিশ্চিত করে দেন কভিস্টগার্ডেন।
শেষদিকে বামফোর্ডের সামনে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল। অলিভার আরব্লাস্টারের পাসে গোলের সুযোগ পেলেও নরউইচের ডিফেন্ডাররা শেষ মুহূর্তে তাকে ভালোভাবে চাপ দিয়ে গোল করতে দেননি।
শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নরউইচ। এর ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের শুরুতে শেফিল্ড ইউনাইটেডের অপরাজিত থাকার রেকর্ডও থেমে গেল।
মৌসুমের শুরুটা অবশ্য ভালো ছিল না নরউইচের। প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখেছিল তারা। তবে নিজেদের শেষ তিন ম্যাচের মধ্যে এটি তাদের দ্বিতীয় জয়। এই জয়ে পয়েন্ট টেবিলে ১১তম স্থানে উঠে এসেছে নরউইচ।
অন্যদিকে মৌসুমের প্রথম হার হজম করে শেফিল্ড ইউনাইটেড নেমে গেছে ১৪তম স্থানে। প্রথম চার ম্যাচে এক জয়ের বিপরীতে ড্র ছিলো শেফিল্ডের। ৫ম ম্যাচে ঘরের মাঠেই হারতে হলো ‘স্টিল সিটি’কে।


