দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঋতুপর্ণাদের প্রতিপক্ষ গুয়াংডং এফসি

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসকে সামনে রেখে চীনের ফোশানে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। মূল আসরে মাঠে নামার আগে চীনে নিজেদের আরও একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে সাবিনা-কৃষ্ণারা। প্রস্তুতির অংশ হিসেবে শক্তিশালী গুয়াংডং উইমেন্স এফসির বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আজ ৬ সেপ্টেম্বর শিসান ফুটবল বেসে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুশীলনে ঘাম ঝরায় বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমসের আগে নিজেদের কৌশল, ফিটনেস ও ম্যাচের প্রস্তুতি আরও নিখুঁত করতেই এই অনুশীলনকে গুরুত্ব দিচ্ছে দল।

আগামীকাল সোমবার ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় গুয়াংডং ফুটবল বেসে গুয়াংডং উইমেন্স এফসির বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে ক্লোজড-ডোর, অর্থাৎ দর্শক ও গণমাধ্যমের উপস্থিতি থাকবে না।

গুয়াংডং উইমেন্স এফসি চীনের শীর্ষ পর্যায়ের নারী ফুটবল কাঠামোর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। ২০২৬ সালের লিগে বর্তমানে সপ্তম অবস্থানে রয়েছে তারা। চীনের শীর্ষ সারির বেশ কয়েকটি ক্লাবের বিপক্ষে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করা এই দলের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারে গুরুত্বপূর্ণ এক পরীক্ষা।

গুয়াংডংয়ের দলে রয়েছেন ঘানা অনূর্ধ্ব-২০ দলের ফরোয়ার্ড অ্যাগনেস ইয়েবোয়াহ। ২০২৬ মৌসুমে ক্লাবটিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ডের উপস্থিতি বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে বাড়তি আন্তর্জাতিক অভিজ্ঞতা ও মান যোগ করবে।

গুয়াংডংয়ের বিপক্ষে ৭ ও ১০ সেপ্টেম্বর দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১১ সেপ্টেম্বর চীন থেকে জাপানের উদ্দেশে রওনা হবে দল। সেখানে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মূল লড়াইয়ে নামবে বাংলাদেশের মেয়েরা।

চীনে প্রস্তুতির শেষ ধাপ পার করে জাপানে মূল পরীক্ষার মুখোমুখি হবে বাংলাদেশ। তাই গুয়াংডংয়ের বিপক্ষে দুই ম্যাচে নিজেদের শক্তি, দুর্বলতা ও কৌশল যাচাই করে এশিয়ান গেমসের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়াই এখন দলের মূল লক্ষ্য।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles