জুনিয়র এশিয়া কাপে আবারও হার বাংলাদেশের

দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। আব্দুল্লাহ ও মাহাদীর গোলে সমতায় ফিরেছিল ম্যাচ। কিন্তু শেষ কোয়ার্টারে আবারও ছন্দ হারিয়ে ম্যাচটি হাতছাড়া করেছে বাংলাদেশের যুবারা।

জুনিয়র এশিয়া কাপ হকিতে পুল ‘বি’-এর ম্যাচে রোববার মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে বাংলাদেশ। চীনের বিপক্ষে ৩-২ গোলে হেরে আসর শুরু করা দলটি টানা দ্বিতীয় ম্যাচেও পেল না জয়ের দেখা।

প্রথম কোয়ার্টারে দুই দলের লড়াই ছিল বেশ সমানে সমান। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোনো দল।

দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য দ্রুত দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে মালয়েশিয়া। দুই মিনিটের ব্যবধানে গোল দুটি করে তারা। তবে পিছিয়ে পড়ে ভেঙে পড়েনি বাংলাদেশ।

২৪তম মিনিটে সতীর্থের পাস ধরে সার্কেলে ঢুকে জোরাল হিটে মালয়েশিয়ার জালে বল পাঠান মোহাম্মদ আব্দুল্লাহ। তাঁর গোলে ম্যাচে ফেরার আশা জাগে বাংলাদেশের।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই সেই আশা আরও জোরালো করেন মাহাদী হাসান। ৩৩তম মিনিটে দুরূহ কোণ থেকে রিভার্স হিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান তিনি। চীনের বিপক্ষেও গোল করেছিলেন মাহাদী।

তবে শেষ কোয়ার্টারে আর ম্যাচ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তিন মিনিটের ব্যবধানে ফাহমি সুজাইনি জোড়া গোল করে মালয়েশিয়ার জয় নিশ্চিত করেন।

টানা দুই ম্যাচ হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ পুল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে মঙ্গলবার। প্রতিপক্ষ কাজাখস্তান। বাংলাদেশের মতো কাজাখস্তানও এখনো কোনো পয়েন্ট পায়নি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles