নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে আসর শুরু করা বাংলাদেশ এবারও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। লঙ্কানদের হারিয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য জুয়াইরিয়া ফেরদৌসদের।
আসরে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে খেলার মধ্য দিয়ে দুবাইয়ের মাঠ ও উইকেট সম্পর্কে ভালো ধারণা পেয়েছে দল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সেটিকেই বাড়তি সুবিধা হিসেবে দেখছেন দলের ওপেনার জুয়াইরিয়া।
ম্যাচের আগে জুয়াইরিয়া বলেন, ‘আমরা দুবাইতে এসেছি এশিয়া কাপে খেলতে। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খুব ভালোভাবে জয়লাভ করেছি। মাঠের পরিবেশ, উইকেটের আচরণ সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছি, অভিজ্ঞতা নিতে পেরেছি।’
অন্যদিকে শ্রীলঙ্কাও এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় আছে লঙ্কানরা। তবে প্রতিপক্ষের ফল নয়, নিজেদের পরিকল্পনাতেই মনোযোগ বাংলাদেশের।
জুয়াইরিয়া বলেন, ‘কালকে আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। আগের ম্যাচে খেলার অভিজ্ঞতা আমাদের বেনিফিট দেবে। কালকে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলে সেমির দিকে ভালোভাবে এগিয়ে যাব এবং আমাদের লক্ষ্যের কাছাকাছি চলে যাব।’
দলের প্রত্যেকে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন জুয়াইরিয়া। নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়ে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
জুয়াইরিয়া বলেন, ‘সেভাবেই পরিকল্পনা করা হয়েছে, যার যে দায়িত্ব, সে যেন সেটা পালন করে। আমাদের দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই জেতার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে অবশ্য জুয়াইরিয়া নিজে ভালো করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে তাই ব্যাট হাতে দলকে ভালো শুরু এনে দেওয়াই তাঁর ব্যক্তিগত লক্ষ্য। ওপেনার হিসেবে পাওয়ারপ্লের সুবিধা কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে চান তিনি।
জুয়াইরিয়ার ভাষায়, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে, যেহেতু ওপেনিং করি, পাওয়ারপ্লের ব্যবহার করার, ভালো বড় একটা ইনিংস খেলার। ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবাই দোয়া করবেন।’


