নারী এশিয়া কাপে বাংলাদেশের সামনে আজ শ্রীলঙ্কা পরীক্ষা

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ে অভিযান শুরু করা বাংলাদেশ এবার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। গ্রুপ ‘বি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

আসরে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষেও জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে উঠতে চায় জ্যোতির দল। একই সঙ্গে এই ম্যাচটি বাংলাদেশের সেমিফাইনালের পথও অনেকটা সহজ করে দিতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বাংলাদেশের ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। বিসিবির প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেই জয় পেয়েছেন তারা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি সেমিফাইনালে ওঠার পথে আরও গুরুত্বপূর্ণ। দলের প্রত্যেক খেলোয়াড় নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিতে চান বলেও জানান তিনি।

ইন্দোনেশিয়ার বিপক্ষে বড় জয় পেলেও বাংলাদেশের ব্যাটিংয়ে কিছু দুর্বলতা স্পষ্ট হয়েছে। বিশেষ করে দুবাইয়ের কিছুটা মন্থর উইকেটে মানিয়ে নিতে বেশ ভুগেছেন ব্যাটাররা। শুরুতেই উইকেট হারানোর সমস্যাটিও নতুন নয় বাংলাদেশের জন্য। সর্বশেষ ২০ ম্যাচের মধ্যে সাতবারই ২০ রানের আগেই প্রথম দুই উইকেট হারিয়েছে তারা। এতে চাপে পড়তে হয়েছে মিডল ও লোয়ার অর্ডারকে।

ইন্দোনেশিয়ার বিপক্ষেও একই চিত্র দেখা যায়। ১৭ ওভারে ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ দিকে শর্না আক্তারের ১৮ বলে গুরুত্বপূর্ণ ৩১ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১২৯ রান পর্যন্ত যেতে পারে দল।

ব্যাটিংয়ের এই ঘাটতি স্বীকার করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। তবে ভুলগুলো শুধরে শ্রীলঙ্কার বিপক্ষে আরও ভালো ক্রিকেট খেলার প্রত্যয় তার। শেষ দিকে শর্নার ব্যাটিংয়ে সন্তুষ্ট হলেও দলের আরও অনেক জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন জ্যোতি। আগের কয়েকটি এশিয়া কাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এবার পুরো পথ পাড়ি দিতে চান তারা। সে জন্য শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে বলেও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ব্যাটারদের ব্যর্থতা অবশ্য পুষিয়ে দিয়েছে বাংলাদেশের বোলিং। ইন্দোনেশিয়াকে মাত্র ৫৮ রানে অলআউট করে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। পেসার মারুফা আক্তার শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন। এরপর বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ১৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তবে বাংলাদেশের বিপক্ষে নামার আগে সতর্ক শ্রীলঙ্কাও। এ বছরের এপ্রিলের সর্বশেষ দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই আত্মবিশ্বাস থাকলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণ নিয়ে সতর্ক বর্তমান চ্যাম্পিয়নরা।

শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু মনে করেন, বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং ইউনিটকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের বোলার ও ফিল্ডাররা ইন্দোনেশিয়ার বিপক্ষে ভালো পারফর্ম করেছে উল্লেখ করে তিনি ব্যাটারদের নিজেদের কাজ ঠিকভাবে করার ওপর জোর দিয়েছেন।

সব মিলিয়ে ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে বোলিংয়ের শক্তি কাজে লাগানোই হবে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। আর সেই পরীক্ষায় জয় পেলে নারী এশিয়া কাপের সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে জ্যোতি-রা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles