মাত্র ১৭ বছর বয়সেই ফুটবল বিশ্বে নিজের আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। বয়সের তুলনায় তার পরিণত পারফরম্যান্স ইতোমধ্যেই মুগ্ধ করেছে ফুটবল বিশ্বের অনেক কিংবদন্তিকে। এবার সেই তালিকায় যোগ হলেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা স্টিভ ম্যাকম্যানাম্যান। তার মতে, এই বয়সে ইয়ামাল যে পর্যায়ে পৌঁছেছেন, সেখানে লিওনেল মেসি কিংবা মাইকেল ওয়েনও তার পেছনে।
সাবেক ইংলিশ উইঙ্গার ম্যাকম্যানাম্যান ইয়ামালকে বর্তমান ফুটবলের অন্যতম বড় তারকা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তার বিশ্বাস, এখনকার পারফরম্যান্সই ইয়ামালের সর্বোচ্চ সীমা নয়। বয়স বাড়ার সঙ্গে অভিজ্ঞতা অর্জন করলে বার্সেলোনার এই ফরোয়ার্ড আরও ভয়ংকর হয়ে উঠবেন।

ম্যাকম্যানাম্যানের চোখে ইয়ামালের সবচেয়ে বড় গুণ হলো তার স্বাভাবিক প্রতিভা ও দ্রুত উন্নতি করার ক্ষমতা। এত অল্প বয়সে বড় মঞ্চে নিয়মিত পারফর্ম করাকে তিনি অসাধারণ বলে মনে করেন। তার মতে, কঠোর পরিশ্রমের পাশাপাশি ম্যাচ খেলার অভিজ্ঞতা বাড়াতে পারলে ইয়ামালের উন্নতির পথ আরও প্রশস্ত হবে।
তবে ইয়ামালের প্রশংসা করতে গিয়ে একটি বিষয় নিয়ে সতর্কও করেছেন ম্যাকম্যানাম্যান। এত অল্প বয়সে নিয়মিত বড় ম্যাচ খেলা এবং দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার কারণে চোটের ঝুঁকি বাড়তে পারে বলে মনে করেন তিনি।
বার্সেলোনায় তরুণ খেলোয়াড়দের চোটের উদাহরণ টেনে তিনি গাভি ও পেদ্রির কথা উল্লেখ করেন। দুজনই ক্যারিয়ারের শুরুর দিকে গুরুতর চোটের শিকার হয়েছেন। ইয়ামালও এরই মধ্যে পেশির সমস্যায় পড়েছেন। তাই অতিরিক্ত ম্যাচ খেলার চাপ থেকে তাকে সুরক্ষিত রাখা জরুরি বলে মনে করেন সাবেক রিয়াল তারকা।

তবে এসব সতর্কতার মাঝেও ইয়ামালকে নিয়ে নিজের মূল্যায়নে কোনো দ্বিধা রাখেননি ম্যাকম্যানাম্যান। তার মতে, ১৬ বা ১৭ বছর বয়সী ফুটবলারদের মধ্যে ইয়ামালই এখন পর্যন্ত সবচেয়ে ভালো খেলোয়াড়, যাকে তিনি দেখেছেন।
এই জায়গাতেই এসেছে সবচেয়ে বড় তুলনা। ইয়ামালের সঙ্গে নিজের সময়ের ইংলিশ তারকা মাইকেল ওয়েন এবং লিওনেল মেসির কৈশোরের তুলনা করেছেন ম্যাকম্যানাম্যান। মেসি যখন ১৭-১৮ বছরের তরুণ, তখনকার পারফরম্যান্সও তার চোখে অসাধারণ ছিল। কিন্তু ইয়ামালকে সেই দুজনের চেয়েও এগিয়ে রাখছেন তিনি।
অর্থাৎ, মেসি ও ওয়েনের মতো সর্বকালের আলোচিত দুই ফুটবলারের কৈশোরের সঙ্গে তুলনা করেও ইয়ামালকে এগিয়ে রাখার মতো প্রতিভা দেখছেন ম্যাকম্যানাম্যান।
এদিকে শুধু ইয়ামাল নয়, বার্সেলোনার আরেক খেলোয়াড় রোনাল্ড আরাউহো নিয়েও কথা বলেছেন সাবেক এই ইংলিশ তারকা। বর্তমানে লিভারপুলে ধারে থাকা উরুগুইয়ান ডিফেন্ডারকে ইংলিশ ফুটবলের জন্য উপযোগী মনে করেন তিনি।

আরাউহোর রক্ষণাত্মক দক্ষতার প্রশংসা করে ম্যাকম্যানাম্যান বলেন, রাইট-ব্যাক কিংবা সেন্টার-ব্যাক—দুই জায়গাতেই খেলতে পারার সক্ষমতা তাকে বাড়তি সুবিধা দেবে। বিশেষ করে উইংয়ে প্রতিপক্ষের দ্রুতগতির ফরোয়ার্ডদের সামলানোর ক্ষেত্রেও তার সামর্থ্য রয়েছে বলে মনে করেন তিনি।
ভিনিসিয়ুস জুনিয়রের বিপক্ষে আরাউহোর পারফরম্যান্সের উদাহরণও টেনেছেন ম্যাকম্যানাম্যান। কুন্দে সেন্টার-ব্যাকে চলে গেলে রাইট-ব্যাকে দায়িত্ব নিয়ে ভিনিসিয়ুসকে সামলানোর ক্ষেত্রে আরাউহো ভালো কাজ করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে শেষ পর্যন্ত ইয়ামালই। মাত্র ১৭ বছর বয়সে মেসি-ওয়েনের মতো কিংবদন্তিদের কৈশোরের সঙ্গে তুলনা এবং তাদেরও ছাড়িয়ে যাওয়ার দাবি—বার্সেলোনার তরুণ তারকাকে ঘিরে প্রত্যাশার পারদ যে আরও উঁচুতে উঠছে, ম্যাকম্যানাম্যানের মন্তব্যে সেটিই স্পষ্ট।


