২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয় উইন্ডিজের

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র হলেও প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে জয়ের সুবাদে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের পঞ্চম দিনে লাঞ্চ বিরতির পর ৯ উইকেটে ২৫১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের ৫০ রানের লিড যোগ হয়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০২ রান। তবে জয়ের ঝুঁকি না নিয়ে স্বাগতিকরা নিরাপদ ব্যাটিংয়ের পথ বেছে নেয়। জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং উদ্বোধনী জুটিতে ৪০ ওভারে ১০৯ রান যোগ করলে ম্যাচটি ড্রয়ে শেষ হয়। বৃষ্টির কারণে মাঝখানে কিছু সময় খেলাও বন্ধ ছিল।

ক্যাম্পবেল ১১৩ বলে ৫১ এবং কিং ১২৯ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ফলে কোনো উইকেট না হারিয়েই ড্র নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে দিনের শুরুতে ২ উইকেটে ৯২ রান নিয়ে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ৪৪ রান করার পর আউট হলেও দিনেশ চান্দিমাল দারুণ ব্যাটিং করেন। ১০৭ বলে ৭১ রানের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভা ৩৪ এবং সোনাল দিনুশা ২৮ রান করে দ্রুত লিড বাড়ানোর চেষ্টা করেন। পরে মিলান রাথ্নায়াকা ২০ রানে পৌঁছানোর পর ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

এই সিরিজ জয়ের মাধ্যমে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৩ সালের পর প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ব্রায়ান লারার নেতৃত্বে ঘরের মাঠে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ক্যারিবিয়ানরা। এরপর দুই দলের মধ্যকার সাতটি সিরিজের তিনটিতে জয় পায় শ্রীলঙ্কা, আর চারটি সিরিজ ড্র হয়।

এছাড়া প্রায় সাড়ে তিন বছর পর আবারও কোনো টেস্ট সিরিজ জয়ের আনন্দে ভাসল ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ২০২৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা। এরপর টানা ১০ সিরিজের মধ্যে ছয়টিতে পরাজয়ের হতাশা সঙ্গী হয়েছিল দলটির।

প্রথম টেস্টে কঠিন পরিস্থিতিতে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া অলরাউন্ডার জাস্টিন গ্রেভস পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কার জিতেছেন। তার অলরাউন্ড নৈপুণ্যই ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘ প্রতীক্ষার সিরিজ জয়ে বড় ভূমিকা রাখে।

 সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৪৯/৯

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৯৯/১০

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৪৯ ওভারে ২৫১/৯

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৩০২) ৪০ ওভারে ১০৯/০

ফল: ম্যাচ ড্র

সিরিজ: ২ ম্যাচের সিরিজ ১-০ তে জয়ী ওয়েস্ট ইন্ডিজ

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles