ফ্রান্সের বিপক্ষে সেরা তারকাকে পাচ্ছে না মরক্কো

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের বাঁচা মরার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে সাইবারিকে পাচ্ছে না মরক্কো। বিষয়টা নিশ্চিত করলেন কোচ ওয়াহ্‌বি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার-ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না মরক্কোর তারকা ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

বিষয়টি নিশ্চিত করেছেন মরক্কো অনূর্ধ্ব-২০ দলের কোচ মোহামেদ ওয়াহ্‌বি। তার চোট গুরুতর নয় এবং টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে ফেরার আশা রয়েছে। গত ৪ জুলাই কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাত্র ২২ মিনিট খেলার পর পায়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই ম্যাচে ৩-০ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করে মরক্কো।

আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় বস্টনে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের আগে সাইবারির চোট নিয়ে কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সর্বশেষ এমআরআই রিপোর্টে জানা যায়, তার হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর নয় এবং পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও নেই।

তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ঝুঁকি নিতে চান না কোচ মোহামেদ ওয়াহ্‌বি। তিনি বলেন,‘সাইবারিকে ছাড়া সবাইকে পাওয়া যাবে। ম্যাচটি তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আশা করছি, টুর্নামেন্টের বাকি অংশে সে আমাদের সঙ্গে থাকবে। আমরা কেবল শতভাগ ফিট খেলোয়াড়দেরই মাঠে নামাব।’

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন সাইবারি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন তিনি। এছাড়া শেষ বত্রিশে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে তার সফল শটেই জয় নিশ্চিত করে মরক্কো। সাইবারির অনুপস্থিতি মরক্কোর আক্রমণভাগে বড় ধাক্কা হলেও, ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles