আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি

আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি

আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি । ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনার পর এবার কঠিন পরীক্ষার সামনে জার্মানি। গ্রুপ ‘ই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার রাত ২টায় আইভরি কোস্টের মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে বড় জয় পাওয়া দুই দলের জন্যই এটি হতে যাচ্ছে গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াই, যেখানে জয়ী দল নকআউট পর্বের পথে বড় সুবিধা পাবে।

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে শক্তির বার্তা দিয়েছে জার্মানি। দীর্ঘদিন পর বড় টুর্নামেন্টে এমন দাপুটে শুরু করায় আত্মবিশ্বাসে আছে জার্মান শিবির। ২০১৪ সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি তাদের। এর মধ্যে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। তাই এবার শুরু থেকেই কোনো ভুল করতে চাইছে না তারা।

তবে এবার প্রতিপক্ষ আইভরি কোস্টও কম ভয়ংকর নয়। নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে সমান তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে আফ্রিকার দলটি। টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে তারাও শেষ ৩২ এর পথে এগিয়ে যেতে চায়।

এই ম্যাচে জার্মানির সবচেয়ে বড় চিন্তার নাম ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান ডিওমান্দে। গতি, ড্রিবলিং এবং আক্রমণ ভাগে তার উপস্থিতি ইতোমধ্যেই নজর কাড়ছে। ম্যাচের আগে জার্মান অধিনায়ক যশুয়া কিমিখও তার প্রশংসা করে বলেছেন, এক বছর আগেও খুব কম মানুষ তাকে চিনত, কিন্তু এখন সে দুর্দান্ত উন্নতি করেছে এবং অসাধারণ একটি মৌসুম কাটিয়েছে।

জার্মানি কাগজে-কলমে এগিয়ে থাকলেও আইভরি কোস্ট প্রথম ম্যাচেই দেখিয়েছে তারা লড়াই করতে প্রস্তুত। ফলে আজকের ম্যাচে দুই দলের মধ্যেই থাকবে বাড়তি চাপ, আর বিশ্বকাপের মঞ্চে দেখা যেতে পারে আরেকটি হাইভোল্টেজ লড়াই।

Exit mobile version