বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়
তুরস্ককে হারিয়ে দিলো ১০ জনের প্যারাগুয়ে ! খেলার শুরুতেই ইতিহাস গড়া গোল, আর প্রথমার্ধের শেষে নাটকীয় লাল কার্ডের ধাক্কা। সব প্রতিকূলতা জয় করে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে এক অবিশ্বাস্য জয় তুলে নিল প্যারাগুয়ে। পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলেও তুরস্কের একের পর এক আক্রমণ রুখে দিয়ে ১-০ ব্যবধানের জয় উদযাপনে মাতল দক্ষিণ আমেরিকার দলটি। আর এই হারের বৃত্তে আটকে থেকে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ভিনসেঞ্জো মন্টেলার এর দল তুরস্কের।
গালারজার রেকর্ড ও ম্যাচের শুরু
ম্যাচের বয়স তখন মাত্র ৬৪ সেকেন্ড। ব্রাইটন তারকা হুলিও এনসিসোর পাস থেকে বল পেয়ে তুরস্কের ডিফেন্স কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়ান প্যারাগুয়ের ২৩ নম্বর জার্সিধারী মিডফিল্ডার মাতিয়াস গালারজা। এটি চলতি ২০২৬ বিশ্বকাপের দ্রুততম এবং প্যারাগুয়ের ফুটবল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বিশ্বকাপ গোল। এই এক গোলের লিডই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
আলমিরনের সেই অদ্ভুত লাল কার্ড ও প্রতিরোধ
প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫’+৩’) মুখ ঢেকে কথা বলার অপরাধে ভিএআর (VAR) রিভিউয়ের মাধ্যমে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের তারকা মিগুয়েল আলমিরন।
১ জন কম নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামা প্যারাগুয়ের ওপর অল-আউট আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তুরস্ক। গোল শোধ না করতে পারলে টুর্নামেন্ট থেকে বিদায়; এমন সমীকরণে মন্টেলার-এর শিষ্যরা একের পর এক আক্রমণ করলেও প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাগ এবং গোলরক্ষকের বীরত্বে সমতায় ফিরতে পারেনি। ১০ জন নিয়েও যেভাবে প্যারাগুয়ে ডিফেন্স লাইন ধরে রেখেছিল, তা ছিল এককথায় অনবদ্য।
গ্রুপ ‘ডি’-এর সমীকরণ
এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’ থেকে পরবর্তী রাউন্ডের আশা বেশ টিকিয়ে রাখল প্যারাগুয়ে। অন্যদিকে, দুই ম্যাচের টানা হারে শূন্য হাতে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল তুরস্ক। মন্টেলার-এর দলের জন্য এটি একটি চরম হতাশা জনক রাত হলেও, ১০ জনের প্যারাগুয়ের এই লড়াকু জয় বিশ্বকাপের ইতিহাসে অন্যতম এক বীরত্বগাথা হিসেবে লেখা থাকবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















