বিশ্বকাপে ইকুয়েডরের মুখোমুখি জার্মানি । টানা দুই জয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছে জার্মানি। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে এবার তাদের সামনে ইকুয়েডর। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ‘ই’ গ্রুপের এই ম্যাচে মাঠে নামবে দুই দল, যেখানে একদিকে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য জার্মানদের, অন্যদিকে টিকে থাকার শেষ লড়াই ইকুয়েডরের।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে শক্ত বার্তা দেয় জার্মানি। এরপর দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করে শেষ ৩২। দুই ম্যাচে ৯ গোল করে এই মুহূর্তে টুর্নামেন্টের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ তাদেরই।
তবে জয় পেলেও দ্বিতীয় ম্যাচের পর কিছুটা দুশ্চিন্তায় পড়েছে জার্মান শিবির। আইভরি কোস্টের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকো শ্লটারবেক। পরে জানা যায়, গুরুতর চোটের কারণে এই বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি। নকআউট নিশ্চিত হলেও ডিফেন্স নিয়ে তাই কিছুটা চিন্তায় কোচিং স্টাফ।
অন্যদিকে ইকুয়েডরের জন্য এটি বাঁচা-মরার ম্যাচ। প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ায় শেষ ম্যাচে জয় ছাড়া সামনে এগোনোর সুযোগ প্রায় নেই। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যেতে পারে দক্ষিণ আমেরিকার দলটিকে।
আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে পড়েও ডেনিজ উন্দাভের জোড়া গোলে ম্যাচ জিতেছিল জার্মানি। ইকুয়েডরের বিপক্ষেও একই আগ্রাসী ফুটবল ধরে রেখে গ্রুপসেরা হিসেবেই পরের রাউন্ডে যেতে চায় ইউরোপের দলটি। অন্যদিকে সব হিসাব বাঁচিয়ে রাখতে নিজেদের সেরাটা উজাড় করেই মাঠে নামবে ইকুয়েডর।
ইকুয়েডর সম্ভাব্য একাদশ:
গালিন্দেজ; অর্ডোনেজ, পাচো, ইনকাপিয়ে; ইয়েবোয়া, ফ্রাঙ্কো, কাইসেদো, ভিতে, এস্তুপিনিয়ান; প্লাতা, ভ্যালেন্সিয়া।
জার্মানি সম্ভাব্য একাদশ:
নয়ার; আন্তন, তাহ, রুডিগার, রাউম; গোরেৎস্কা, স্টিলার; লেওলিং, আমিরি, বেইয়ার; উন্ডাভ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















