এবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে গুজরাট টাইটান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রাথমিক রাউন্ডের শেষ মুহূর্তে স্থান দখল-বেদখলের লড়াই চলছে। দুয়েকদিনের বেশি কোনো দলই থাকতে পারছে না শীর্ষে। মঙ্গলবার হায়দরাবাদকে ৮২ রানে বিধ্বস্ত করে এখন এক নম্বরে গুজরাট।
১২তম ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে গুজরাট উঠেছে ১৬ পয়েন্ট নিয়ে। অথচ এখনো প্লে-অফ নিশ্চিত হয়নি তাদেরও। কারণ ১৬ পয়েন্ট পেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আরো অন্তত ৬ দলের। তবে ইতোমধ্যেই প্লে-অফের রেস থেকে বাদ পড়েছে মুম্বাই ইন্ডিয়ানস ও লখনউ সুপার জায়ান্টস। আর মাত্র দুটি/তিনটি করে ম্যাচ বাকি সব দলের, শুধু কলকাতা নাইট রাইডার্সের আছে চার ম্যাচ।
মঙ্গলবার আহমেদাবাদে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয় গুজরাট ও হায়দরাবাদ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে দুই উইকেট হারানোর পর ৩৮ রানের একটি ছোটো জুটি গড়েনি সাই সুদর্শন ও নিশান্ত সিন্ধু।
১৪ বলে ৩টি চার ও ১টি ছয়ে ২২ রানে বিদায় নেন সিন্ধু। তারপর সুদর্শন ও ওয়াশিংটন সুন্দর ৬০ রানের দারুণ এক জুটি গড়লে সম্মানজনক পুঁজি পায় গুজরাট। উভয়ে হাফ সেঞ্চুরি করেন।
২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৮ রান তোলে গুজরাট। সুদর্শন ৪৪ বলে ৫টি চার, ২টি ছক্কায় ৬১ এবং সুন্দর ৩৩ বলে ৭টি চার, ১টি ছয়ে ৫০ রান করেন। সাকিব হুসেইন ও প্রফুল হিঙ্গে দুটি করে উইকেট নেন।
বিপর্যস্ত হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে গুজরাট
জবাব দিতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে হায়দরাবাদ। চার পেসার মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, জ্যাসন হোল্ডার ও প্রসিধ কৃষ্ণার তোপে স্বাগতিক ব্যাটাররা চোখে অন্ধকার দেখেছেন।
শেষ পর্যন্ত ১৪.৫ ওভারে মাত্র ৮৬ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। প্যাট কামিন্স ৯ বলে ১টি চার ও ২টি ছয়ে সর্বোচ্চ ১৯ এবং সলিল অরোরা ১৩ বলে ২টি চারে ১৬ রান করেন। চার ওভার বোলিং করে হোল্ডার ২০ রানে ও রাবাদা ২৮ রানে ৩টি করে উইকেট নেন। কৃষ্ণা নেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
গুজরাট- ১৬৮/৫; ২০ ওভার (সুদর্শন ৬১, সুন্দর ৫০, সিন্ধু ২২; প্রফুল ২/১৭, সাকিব ২/৩৭)।
হায়দরাবাদ- ৮৬/১০; ১৪.৫ ওভার (কামিন্স ১৯, সলিল ১৬, ক্লাসেন ১৪; হোল্ডার ৩/২০, রাবাদা ৩/২৮, কৃষ্ণা ২/২৩)।
ফল : গুজরাট টাইটান্স ৮২ রানে জয়ী।
ম্যাচসেরা : কাগিসো রাবাদা।
