জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ম্যাচের প্রত্যাশা পেসার হাসান মাহমুদের। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশ দল এখন জিম্বাবুয়ের মাটিতে অবস্থান করছেন। একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে সফর শুরু করবে টাইগাররা। এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন কাউন্টি ক্রিকেট খেলা হাসান মাহমুদ।
জিম্বাবুয়ের কন্ডিশন নিয়ে হাসান বলেন, ‘ইংল্যান্ডে কাউন্টির দুইটি ম্যাচ খেলেছি, এরপরে জিম্বাবুতে আসা। আমার মনে হয় সবাই এখানে ভালো অবস্থানে রয়েছে। সবাই ভালো প্রস্তুতি নিচ্ছে, পরিবেশটাও খুবই ভালো হয়েছে। কন্ডিশন একই বলতে গেলে একটু ঠান্ডা রয়েছে।’
দলের প্রস্তুতি নিয়ে হাসান আরও বলেন, ‘প্রস্তুতিটা খুবই ভালো সবার সাথে আবার দেখা হচ্ছে। অনুশীলন করা আবার নতুন একটা অধ্যায় শুরু। ভালো অনুশীলন করে আশা করি সবাই ভালো প্রস্তুতি নিচ্ছে। ভালো একটা টেস্ট ম্যাচ হবে আমাদের।’
বোলারদের নিয়ে এই ফাস্ট বোলার বলেন, ‘বোলারদের প্রিপারেশন খুবই ভালো। অনুশীলন করছে সবাই আশা করি ভালো করবে। ওদের বোলিংটা খুবই ভালো, এখন আমরা পজিটিভ চিন্তা করছি এবং আমাদের সেরাটা যেন দিতে পারি।’
বাংলাদেশের সফরের শুরুতেই আগামী ২৮ জুন থেকে হারারে স্পোর্টস ক্লাবে মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট শেষে একই ভেন্যুতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ জুলাই। এরপর ৯ জুলাই দ্বিতীয় এবং ১১ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল। টেস্ট এবং ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই সেন্ট্রাল আফ্রিকা টাইম বা স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে কুইন্স স্পোর্টস ক্লাবে, যেখানে অনুষ্ঠিত হবে উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৫ জুলাই। এরপর একদিন করে বিরতি দিয়ে ১৭ জুলাই দ্বিতীয় এবং ১৯শ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ গুলো সেন্ট্রাল আফ্রিকা টাইম অনুযায়ী দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষ ২০২৫ সালে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই সিরিজ শেষ হয় ১-১ সমতায়। প্রথম টেস্টে তিন উইকেটের স্মরণীয় জয়ে চার বছর পর টেস্টে জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















