সাফ চ্যাম্পিয়নশীপ ২০২৬
অনেক দিন এভাবে দেখা হয়নি বাংলাদেশের ফুটবল ম্যাচ, অনেক চিন্তায় ছিলাম প্রবাসী ফুটবলারে ঠাসা বাংলাদেশ কিভাবে দলীয় সমন্বয়ের মাধ্যমে সেরা একাদশ তৈরী করবে? কারা থাকবে সেই একাদশে? সাইড বেঞ্চর কে কে বদলি হিসেবে মাঠে নামবে। নিজ নিজ পজিশনে জায়গা পাকাপোক্ত করে সেরা হয়ে উঠবেন কারা? যারা তরুনদের আউডল হিসেবে নজর কাড়বেন নিজের পজিশনের পারফর্মার হিসেবে? এমন অনেক প্রশ্ন অপরদিকে শ্রীলংকাও তো একগাদা প্রবাসী নিয়ে মাঠে নামবে, তাহলে কি তারা এগিয়ে থাকবে? না তা হতে দেননি বর্তমান দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হামজা চৌধুরী। হামজা যে আজই প্রথম অধিনায়কের আর্মব্যান্ড পরে লাল সবুজের নতুন যাত্রা শুরু করলেন ‘ক্যাপ্টেইনস পেন্যান্ট’ হাতে। এমন দিনে তিনি বাংলাদেশকে হতাশ করতে পারেন? না অধিনায়ক হামজা আমাদের যেমন হতাশ করেননি তেমনী হামজার বাংলাদেশ সব সঙ্কা উড়িয়ে দিয়ে শ্রীলংকাকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেই গেল সেমিতে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে হামজার চৌধুরীর নেতৃত্বে নতুন এক বাংলাদেশকে দেখল ফুটবলপ্রেমীরা। এ গ্রুপে শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ৪টি গোল করেছেন চার ফুটবলার। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শ্রীলংকাকে হারিয়ে বাংলাদেশ ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। ‘এ’ গ্রুপের রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাচ্ছে ভুটান। আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে ২য় সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিন দুপুরে ১ম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান।

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ৮ম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা। ডান দিক থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। ফিরতি বল পেয়ে জালে পাঠান শমিত সোম। তাতে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
গোলের ব্যবধান বাড়াতে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। ২৫ মিনিটে ফারহান আলী ওয়াহিদের হেড থেকে পাওয়া বলে ব্যাকহিল শটে গোলের চেষ্টা করেছিলেন হামজা। তবে তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে ইব্রাহিমের পাস পেয়ে বল নিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান অধিনায়ক হামজা। পথে এক ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া তার শট গোলরক্ষক পেরেরার গায়ে লেগে জালে ঢুকে যায়। এতে জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই প্রথম গোল পেয়ে যান হামজা যা লাল সবুজের হয়ে ৫ম গোল। হামজার ৫টি গোলই জাতীয় স্টেডিয়ামে। হামজার গোলে ২-০ ব্যবধান গড়ে বিরতিতে যায় বাংলাদেশ।

খেলার দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ৫৩ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে দর্শকদের মুগ্ধ করেন ফারহান আলী ওয়াহিদ। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার একের পর এক তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে বল জালে পাঠিয়ে ব্যবধান করেন ৩-০। ফারহানের দুর্দান্ত গোলের পর সতীর্থদের উচ্ছ্বাসে যোগ দেন অধিনায়ক হামজা নিজেও। এরপরও থেমে থাকেনি বাংলাদেশ গোলের জন্য চাপ অব্যাহত রেখে ৮৩ মিনিটে বক্সের বাইরে থেকে শুকি ইতোফুসার শট শ্রীলংকা গোলরক্ষক সুজন পেরেরা ঠেকিয়ে দিলে তবে তার ১ মিনিট পর আরেকটি পাল্টা আক্রমণ থেকে আসে চতুর্থ গোল।

বাংলাদেশের দ্রুত গতির উইঙ্গার রাকিব হোসেন এক ডিফেন্ডারকে পেছনে ফেলে সামনে পান শুধু গোলরক্ষক পেরেরাকে। তাকে পরাস্ত করে দারুণ এক চিপ শটে বল জালে পাঠিয়ে রাকিব করেন তার প্রথম গোল আর দলের ৪র্থ গোল আর তাতেই শ্রীলঙ্কার বিপক্ষে ৪ গোলের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
গোল বন্যার ম্যাচে চোটের ধাক্কাও খেয়েছে বাংলাদেশ। ৭৬ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ক্যারিয়ারের শুরুতে স্ট্রাইকার হিসেবে শুরু করা সাদ উদ্দিন। তার জায়গায় নামেন ডিফেন্ডার রহমত মিয়া। রহমতের সাথে মাঠে নামেন সদ্য সাবেক হওয়া অধিনায়ক জামাল ভূঁইয়া। ৪ গোলের দাপুটে জয়ে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্টে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

বাংলাদেশ বেতার সাফ চ্যাম্পিয়নশীপের সবগুলো ম্যাচের বাংলা ধারাভাষ্য সরাসরি সম্প্রচার করছে মাঠ থেকে বেতারের মধ্যম তরঙ্গ ৬৩০ কিঃহাঃ এবং বাংলাদেশ বেতার অ্যাপ ও ওয়েব সাইট (বাংলাদেশ বেতার) থেকে।


