সিরিজ জয়ের হ্যাটট্রিকে মিরাজ সন্তুষ্টি প্রকাশ করেছেন মুস্তাফিজুর রহমান ও নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্সে। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সহজেই শেষ ওয়ানডে জিতেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুস্তাফিজুর রহমানের পাঁচ উইকেট শিকারে টানা তৃতীয় সিরিজ জিতল টাইগাররা। তাই অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সন্তোষ জানিয়েছেন।
ওয়ানডেতে সিরিজ জয়ের হ্যাটট্রিকে মিরাজ কৃতিত্ব দিয়েছেন শান্ত, লিটন দাস ও মুস্তাফিজকে। তাদের সম্মিলিত নৈপুণ্যেই নিউজিল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ। তাই অধিনায়ক মিরাজ বলেছেন,‘শান্ত যেভাবে ব্যাটিং করেছে আমরা ওর কাছ থেকে এরকমই আশা করি। ও খুব ভালো একটা ইনিংস খেলেছে। লিটন দাসও যেভাবে ব্যাটিং করেছে, মুস্তাফিজও অসাধারণ পারফরম্যান্স করেছে। ও যেভাবে বোলিং করেছে আমরা সবসময় আশা করি মুস্তাফিজ এরকমই বোলিং করবে।’
সিরিজে নাহিদ রানা ছিলেন দুর্দান্ত। আট উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন এই ফাস্ট বোলার। তাকে নিয়ে মিরাজ বলেন, ‘নাহিদ রানা অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ। আমরা সবাই চেষ্টা করব ওর যত্ন নেওয়ার। ও যেভাবে মেইনটেইন করছে এটা একটা দলের জন্য বাড়তি সুবিধা।’
মিরাজ আরো বলেন, ‘গত দুইটা সিরিজে যেভাবে বোলিং করেছে এটা আসলে ভালো একটা মোমেন্টাম নিয়ে আসে। আমার কাছে মনে হয় ও যেভাবে বোলিং করছে এটা চালিয়ে যেতে পারলে বাংলাদেশ দলকে অনেক ম্যাচ জেতাতে পারবে। আমার কাছে মনে হয় যদি বেশি আক্রমণাত্বক মুডে খেলা যায় তখন হয়ত উইকেট বেশি পড়ার সুযোগ থাকে। উইকেটটা রেখে রান করাটা খুবই গুরুত্বপূর্ণ।’
সিরিজ জয়ের হ্যাটট্রিকে মিরাজ যা বললেন
ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে একই ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। ফলে অধিনায়ক মিরাজের হয়েছে সিরিজ জয়ের হ্যাটট্রিক। মিরাজ এ বিষয়ে বলেন,‘অবশ্যই, ভালো লাগছে। টানা তিনটা সিরিজ জিতেছি এবং আমার কাছে মনে হয় ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতছে এটাই অনেক বড় অর্জন।’
অথচ কিউইদের বিপক্ষে এবার প্রথম ওয়ানডেতেই হেরে যায় বাংলাদেশ। সেখান থেকে টানা দুই জয়ে সিরিজের ট্রফি নিজেদের ঘরে রাখা নিয়ে মিরাজ আরো বলেন,‘অধিনায়ক হিসেবে আমি যেটা চিন্তা করেছি অনেক সময় আমরা অনেক টুর্নামেন্ট খেলতে যাই। নক আউট যে খেলাগুলো হয়, হারলেই বাদ-মানসিকভাবে জিনিসটাকে আমি ওইভাবে নিয়েছি। যেহেতু প্রথম ম্যাচ হেরে গেছি, দ্বিতীয় ম্যাচ যদি হেরে যাই সিরিজ হেরে যাব। এটা আমাদের জন্য একটা সুযোগ, যদি জিততে পারি হয়ত আরেকটা সুযোগ পাব। আমি ওইভাবে চিন্তা করেছি।’
