নেইমারের নতুন চুলের ছাঁটে বিশ্বকাপের আগাম উত্তাপ । বিশ্বকাপ মানে শুধু মাঠের লড়াই নয়, তার বাইরে ফুটবলারদের রূপ, স্টাইল আর ব্যক্তিত্ব ঘিরেও তৈরি হয় আলাদা আলোচনার জগৎ। বিশেষ করে নেইমার থাকলে সেই আগ্রহ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। ড্রিবলিংয়ের পাশাপাশি চুলের ছাঁট নিয়েও যিনি বহুবার আলোচনায় এসেছেন, সেই ব্রাজিলিয়ান তারকা এবারও ব্যতিক্রম হননি। বিশ্বকাপের ঠিক আগে নিজের হেয়ারস্টাইলে নতুন ছোঁয়া এনেছেন তিনি।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও প্রকাশ করেন। সেখানেই দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ডের নতুন রূপ। তার চুলে এসেছে হালকা সোনালি আভা, যা অনেকের মনে ২০১৮ সালের চেনা নেইমারের স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। তখন পিএসজিতে খেলার সময়ও একই ধরনের ব্লন্ড রঙের চুলে দেখা গিয়েছিল তাকে। এবারও যেন সেই পুরোনো ঝলমলে আবহে ফেরারই এক চেষ্টায় মেতেছেন তিনি।
তবে চুলের এই নতুন স্টাইল যতই নজর কাড়ুক, নেইমারের মূল লড়াইটা এখনো মাঠে ফেরার। বিশ্বকাপের কাউন্টডাউন চললেও সান্তোসের এই তারকা পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। সমর্থকেরা তাই নতুন চুলের চেয়ে বেশি তাকিয়ে আছেন তার মাঠে ফেরার দিকে।
নেইমারের হেয়ার স্টাইলিস্ট ইনস্টাগ্রামে লিখেছেন, সুন্দর চুল কেবল বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়। এর পেছনে থাকে নিয়মিত যত্ন, চুলের স্বাস্থ্য রক্ষা, ভেতরের ও বাইরের চিকিৎসা, পরীক্ষা, পর্যবেক্ষণ এবং বিশেষ প্রস্তুতি। তিনি আরও লেখেন, বিশ্বকাপের জন্য সবকিছু প্রস্তুত, আর সৃষ্টিকর্তা যেন নেইমারকে প্রতিটি পদক্ষেপে রক্ষা করেন, কঠিন সময়ে শক্তি দেন এবং মাঠের ভেতরে ও বাইরে তার প্রতিভাকে আরও সমৃদ্ধ করেন।
নেইমার নিজেও ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই শেষ মঞ্চটা রাঙানোর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন ভীষণ যত্নে। কিন্তু শরীর এখনো তার সঙ্গে পুরোপুরি সায় দিচ্ছে না। রোববার ভোরে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিল দল যখন ক্লিভল্যান্ডে, তখন নেইমার দলের সঙ্গে যাননি। তিনি থেকে গেছেন নিউ জার্সিতে, যেখানে একা একাই চালিয়ে যাচ্ছেন পুনর্বাসন, ফিজিওথেরাপি আর চোট সারানোর কাজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















