হন্ডুরাসের বিপক্ষে খেলোয়াড় পরীক্ষা স্ক্যালোনির , অন্য সব দলের তুলনায় একটু দেরিতেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। তবে জয়ে শুরু হয়েছে তাদের বিশ্বকাপ প্রস্তুতি। টেক্সাসে বাংলাদেশ সময় রবিবার সকালে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে তারা হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচের উভয়ার্ধে একটি করে গোল পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে লাউতারো মার্টিনেজ পেনাল্টি থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান গুইলিয়ানো সিমিওনে। তার গোলের রূপকার ছিলেন লাউতারো। অসাধারন দক্ষতায় ব্যাকহিল করে সিমিওনেকে বল দিয়েছিলেন তিনি। সুযোগটি কাজে লাগাতে মোটেও ভুল করেননি সিমিওনে।
খেলেননি মেসি
মূল মিশনে নামার আগে খেলোয়াড় পরীক্ষার কাজটি দারুণ ভাবে সেরেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। একের পর এক খেলোয়াড় পরিবর্তন করেছেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনার ২১ খেলোয়াড় মাঠে নেমেছেন। শুধুমাত্র অগাস্টিন গিয়া পুরো সময় খেলেছেন। অন্যদিকে হন্ডুরাস তাদের পুরো একাদশই পরিবর্তন করেছিল।
মূল একাদশে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে শুরুর একাদশে জায়গা হয়নি গোলবারের নিচের অতন্দ্র প্রহরী মার্টিনেজের। দুইজনই ইনজুরির কারণে মাঠের বাইরে। মেসি অবশ্য শুরু থেকেই সাইড বেঞ্চে ছিলেন। মার্টিনেজের বদলে গোল পোস্ট আগলানোর দায়িত্ব পড়েছিল হুয়ান মুসোর কাঁধে।

অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে খেললেও শারীরিক শক্তি ব্যবহারে বেশ দক্ষতা দিখেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে চারটি হলুদ কার্ড দেখতে হয়েছে তাদের। দুই গোলে এগিয়ে যাওয়ার পর অবশ্য আর্জেন্টিনা সময় কাটানোর দিকে মনোযোগী হয়। ফলে গোলের সংখ্যা আর বাড়েনি। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরির কারণে কোচ হয়তো আর ঝুঁকি নিতে চাননি। ফলে শেষ দিকে এসে হন্ডুরাস একটু বল দখলের প্রতিযোগিতায় কিছুটা হলেও ফিরে আসার সুযোগ পায়। প্রায় চার এক ভাগের সময় আর্জেন্টিনা বল নিয়ন্ত্রণে রেখেছিল।
টানা ছয় প্রস্তুতি ম্যাচে জয়
এটা নিয়ে টানা ছয় প্রস্তুতি ম্যাচে জয়ের দেখা পেলো আর্জেন্টিনা। গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যচে ইকুয়েডরের কাছে হেরেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তারপর প্রস্তুতি ম্যাচে একে একে ভেনেজুয়েলা, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা, মোউরিতানিয়া, জাম্বিয়াকে হারিয়েছিল। এবার হারালো হন্ডুরাসকে। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা আগামী ৯ জুন শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। আলবামাতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নরা ‘জে’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপের অন্য সহযোগীরা হলো আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। ২৭ জুন তারা জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















