যেভাবে ফ্রান্সের পরীক্ষা নেবে সুইডেন। জমে উঠেছে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। সেই লড়াইয়ে টিকে থাকতে সাবেক বিশ্বচাম্পিয়ন ফ্রান্সের পরীক্ষা নেবে সুইডেন। ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আজ নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে রাত ৩টায় ইউরোপের দুই দল ফ্রান্স ও সুইডেন মুখোমুখি হচ্ছে। গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সকে ফেবারিট ধরা হলেও নকআউটে সুইডেন চমক দেখাতে প্রস্তুত। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ফ্রান্স ছিল দুর্দান্ত।
গ্রুপ আই-এ তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠে দিদিয়ের দেশমের শিষ্যরা। তিন ম্যাচে তারা ১০ গোল করে হজম করেছে মাত্র ১টি। অন্যদিকে গ্রুপ ‘এফ’-এ সুইডেন ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটে জায়গা করে নেয়।
দুই দলের অতীত পরিসংখ্যানেও এগিয়ে ফ্রান্স। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ২৩ বার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে ফ্রান্স জিতেছে ১২ ম্যাচ, সুইডেনের জয় ৬টিতে এবং ড্র হয়েছে ৫টি ম্যাচ। তবে বিশ্বকাপের মূল পর্বে এবারই প্রথমবারের মতো নকআউটে একে অপরের বিপক্ষে খেলছে তারা।
ফ্রান্সের আক্রমণের প্রধান ভরসা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে ও এদুয়ার্দো কামাভিঙ্গাদের নিয়ে গড়া আক্রমণভাগ ইতোমধ্যেই প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। অন্যদিকে সুইডেন নির্ভর করছে স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক, ডেয়ান কুলুসেভস্কি ও ভিক্টর গিয়োকেরেসের ওপর।
অন্যদিকে বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে মুখোমুখি হবে আইভরি কোস্ট ও নরওয়ে। দুই দলই নিজ নিজ গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। আইভরি কোস্ট তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ করেছে গ্রুপ পর্ব, যেখানে তারা ৪ গোল করে হজম করেছে মাত্র ২টি।
অন্যদিকে নরওয়েও ৬ পয়েন্ট সংগ্রহ করলেও আক্রমণে ছিল আরও কার্যকর। তিন ম্যাচে করেছে ৮ গোল, হজম করেছে ৭টি। পরিসংখ্যান বলছে, আক্রমণে এগিয়ে নরওয়ে, তবে রক্ষণে বেশি শক্তিশালী আইভরি কোস্ট। ফলে শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে দুই দলের মধ্যকার ম্যাচটি জমজমাট হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
সম্ভাব্য একাদশ ফ্রান্স: মাইক মেনিয়াঁ; জুল কুন্দে, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ; অরেলিয়েন চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, মাইকেল ওলিসে; উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, ব্র্যাডলি বারকোলা।
সুইডেন: রবিন ওলসেন; এমিল ক্রাফ্থ, ভিক্টর লিন্ডেলফ, ইসাক হিয়েন, লুডভিগ অগুস্টিনসন; ইয়েন্স কাইউস্তে, হুগো লারসন; ডেয়ান কুলুসেভস্কি, এমিল ফোরসবার্গ, অ্যান্থনি এলাঙ্গা; আলেক্সান্ডার ইসাক।
