হ্যাটট্রিক হার দেখা পাঞ্জাবকে হটিয়ে শীর্ষে হায়দরাবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা সাত ম্যাচ অপরাজিত থাকা পাঞ্জাব কিংস এবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে ৩৩ রানে। হায়দরাবাদে হওয়া ম্যাচটিতে কুপার কনোলির সেঞ্চুরিও জেতাতে পারেনি পাঞ্জাবকে।
টানা সাফল্য পাওয়া পাঞ্জাবকে হটিয়ে শীর্ষে হায়দরাবাদ উঠেছে এক ম্যাচ বেশি খেলে। পাঞ্জাব ১০ ম্যাচে ১৩ আর হায়দরাবাদ ১১ ম্যাচে ১৪ পয়েন্ট অর্জন করেছে। বুধবার ঘরের মাটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে হায়দরাবাদ।
উদ্বোধনী জুটিতে ৩.৩ ওভারে ৫৪ রান তোলার পর অভিষেক শর্মা ১৩ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৩৫ রানে সাজঘরে ফেরেন। ইশান কিষাণের সঙ্গে আরও ৩০ রানের জুটি গড়েন ট্রাভিস হেড। তিনি ১৯ বলে ৩টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৩৮ রানে আউট হয়ে যান।

তৃতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়ে হায়দরাবাদকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান কিষাণ ও হেনরিখ ক্লাসেন। উভয়ে করেন অর্ধশতক। কিষাণ ৩২ বলে ২টি চার, ৪টি ছয়ে ৫৫ আর ক্লাসেন ৪৩ বলে ৩টি চার, ৪টি ছয়ে ৬৯ রান করেন।
শেষদিকে নীতিশ কুমার রেড্ডির ১৩ বলে দুটি চার, দুটি ছয়ে করা ঝড়ো ২৯ রানের অপরাজিত ইনিংসে সোয়া দুশো পেরিয়ে যায় হায়দরাবাদ। তারা ২০ ওভারে চার উইকেটে তোলে ২৩৫ রান। পাঞ্জাবের চারজন বোলার একটি করে উইকেট নেন।
পাঞ্জাবকে হটিয়ে শীর্ষে হায়দরাবাদ
জবাব দিতে নেমে মাত্র ২৩ রানেই তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়ে পাঞ্জাব। একপ্রান্ত ধরে রাখা কনোলি চতুর্থ উইকেটে ৪০ রান যোগ করেন মার্কাস স্টয়নিসের সঙ্গে। ১৪ বলে ৩টি চার, ২টি ছয়ে ২৮ রানে স্টয়নিস বিদায় নেন।
পঞ্চম উইকেটে ৪৭ রান যোগ করেন সুরিয়াংশ শেরগে ও কনোলি। শেরগে ১৭ বলে একটি চার ও দুটি ছক্কায় ২৫ রানে সাজঘরে ফিরলে মূলত একাই লড়াই করেছেন কনোলি। তিনি সেঞ্চুরি পেয়ে যান। তবে বাকিদের ব্যর্থতায় লক্ষ্যে পৌঁছুতে পারেনি পাঞ্জাব।

২০ ওভারে সাত উইকেটে ২০২ রান করতে পেরেছে পাঞ্জাব কিংস। কনোলি ৫৯ বলে ৭টি চার, ৮টি ছক্কায় ১০৭ রানে অপরাজিত থাকেন। প্যাট কামিন্স ও শিভং কুমার দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
হায়দরাবাদ- ২৩৫/৪; ২০ ওভার (ক্লাসেন ৬৯, কিষাণ ৫৫, হেড ৩৮, অভিষেক ৩৫, রেড্ডি ২৯*; চাহাল ১/৩২, ফার্গুসন ১/৪১, অর্শদীপ ১/৪৩)।
পাঞ্জাব- ২০২/৭; ২০ ওভার (কনোলি ১০৭*, স্টয়নিস ২৮, শেরগে ২৫; কামিন্স ২/৩৪, শিভং ২/৪৫)।
ফল : সানরাইজার্স হায়দরাবাদ ৩৩ রানে জয়ী।
ম্যাচসেরা : প্যাট কামিন্স।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















