ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রকাশিত তালিকায় রয়েছে তাদের নাম। পাশাপাশি জানা গেছে, কোন ক্রিকেটার কত ভিত্তিমূল্যে নিলামে উঠবেন।
নিলামে নাম নিবন্ধন করা ১২ বাংলাদেশি ক্রিকেটার হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।
তালিকায় থাকা ১০ ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ ভারতীয় রুপি। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।
অন্যদিকে, বাংলাদেশের হয়ে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৩০ লাখ রুপি।
তবে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। এখনো আইপিএলে খেলার সুযোগ না পেলেও সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স এবং বিগ ব্যাশ ও পাকিস্তান সুপার লিগে চাহিদা তাকে আলোচনায় রেখেছে। ফলে নিলামে তাকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ তৈরি হতে পারে।
উল্লেখ্য, এবারের নিলামে নাম নিবন্ধন করা ১২ বাংলাদেশির কেউই এখন পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ পাননি। বিভিন্ন সময়ে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের প্রতি একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহের খবর সামনে এলেও শেষ পর্যন্ত তারা দল পাননি। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণেও আইপিএলে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে তাদের।
এদিকে, আইপিএলে খেলা বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও লিটন দাসের নাম নেই এবারের নিলামের তালিকায়। ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন সাকিব। অন্যদিকে, জাতীয় দলের সাদা বলের অধিনায়ক লিটন দাস আইপিএলে খেলেছেন মাত্র এক মৌসুম।
তবে মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। গত বছর ৯ কোটি রুপির বেশি অর্থে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) জায়গা পেলেও পরবর্তী সময়ে আইপিএল কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। এবার তাই নিলামে দেখা যাবে না বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে।




