ফিফা ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নিজেদের জাতীয় ফুটবল দলকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে ইরান। গত বুধবার রাজধানী তেহরানের এনগেলাব স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে শুভকামনা জানানো হয় খেলোয়াড়দের। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, লাল-কালো ট্র্যাকস্যুট পরে মঞ্চে ওঠেন ইরানের ফুটবলাররা। সেখানে জড়ো হওয়া সমর্থকেরা করতালি ও স্লোগানে তাদের স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ আমির ঘালেনোই এবং ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজও। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মেহদি তাজ বলেন, ‘বিশ্বকাপে জাতীয় দলের খেলোয়াড়রা দেশের জনগণ, দেশের যোদ্ধা, নেতা মোজতবা খামেনি এবং পুরো দেশের প্রতিনিধিত্ব করবে।’
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘এটি যুদ্ধসময়ের জাতীয় ফুটবল দল। এই দল শক্তি ও প্রতিরোধের প্রতীক হয়ে উঠবে।’ অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই ইরানের পতাকা বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। কারও হাতে ছিল সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির ছবি ও পোস্টার। যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধে নিহত হন তিনি।
একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘শহীদদের রক্তের জন্য দৃঢ়তা ও দ্বিধাহীন কণ্ঠে জাতীয় সংগীত গাও।’ বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে অবস্থান করবে ইরান দল। গ্রুপ ‘জি’তে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর।
উল্লেখ্য’ আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













